নৌকাডুবিতে স্প্যানিশ কোচের মৃত্যু, প্রাণ হারিয়েছেন ৩ সন্তানও

পরিবারকে সঙ্গে নিয়ে অবসর কাটাতে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোতে গিয়েছিলেন স্প্যানিশ ক্লাব ভালেন্সিয়ার নারী ‘বি’ দলের কোচ ফেরনান্দো মার্তিন। কিন্তু কে জানত, অবসর কাটাতে গিয়েই চিরতরে এ দুনিয়া থেকে বিদায় নেবেন মার্তিন ও তাঁর পরিবারের সদস্যরা।

পাদার দ্বীপ প্রণালিতে নৌকাডুবিতে মারা গেছেন মার্তিন ও তাঁর ৩ সন্তান। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ভালেন্সিয়া।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, গত শুক্রবার ১১ জন আরোহী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। প্রায় ১০ ফুট উচ্চতার ঢেউয়ের আঘাতে ডুবে যায় নৌকাটি। ওই দুর্ঘটনায় ভালেন্সিয়ার কোচ মার্তিন এবং তাঁর ৯, ১০ ও ১২ বছর বয়সী তিন সন্তান নিখোঁজ ছিলেন। পরে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

একই নৌকায় ছিলেন মার্তিনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যা সন্তান। তাঁদের দুজনকে জীবিত উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা (এসএআর)। এছাড়া নৌকার চারজন ক্রু ও একজন ট্যুর গাইডকেও জীবিত উদ্ধার করা হয়েছে।

এক বিবৃতিতে ভালেন্সিয়া উল্লেখ করেছে, ‘স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ভালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফেরনান্দো মার্তিন ও তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে। এই খবরে আমরা গভীরভাবে শোকাহত।’

মার্তিন ও তাঁর ৩ সন্তানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদও। পাশাপাশি স্প্যানিশ ফুটবল ফেডারেশনও শোকবার্তা জানিয়ে মার্তিনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, স্পেনের দ্বিতীয় বিভাগে খেলা সাবেক এ ফুটবলার চলতি বছরই ভালেন্সিয়ার নারী ‘বি’ দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন।