ফুটবলে প্রিয় দলকে সমর্থন করতে গ্যালারিতে বিশাল ব্যানার, পতাকা নিয়ে হাজির হয়ে ড্রাম বাজানো, গান বাজানো, আতশবাজি বা ধোঁয়া ব্যবহার করে স্টেডিয়ামের ভিন্নধর্মী আবহ তৈরির ঘটনা প্রায়-ই দেখা যায়। এ ধরনের সমর্থকদের গ্রুপ আলট্রাস নামে পরিচিত।
আলট্রাসরা অনেক সময় এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে, প্রতিপক্ষ সমর্থকদের সঙ্গে সহিংসতায় জড়িয়ে পড়েন। আলট্রাসদের বিরুদ্ধে পূর্ব পরিকল্পনা করেও সহিংসতায় জড়ানোর অভিযোগ কম নয়। চলতি মৌসুমে স্পেনে বিভিন্ন দলের এমন সহিংস আলট্রাস সমর্থকদের ১৬২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
স্পেন পুলিশ জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এসব সমর্থকদের গ্রেপ্তারের মাধ্যমে বহু পূর্বপরিকল্পিত সংঘর্ষ তারা ‘নিষ্ক্রিয়’ করেছে। দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, এসব আলট্রাস সমর্থকরা আগে থেকেই পরিকল্পনা করতেন, কীভাবে প্রতিদ্বন্দ্বী সমর্থক গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়াবেন। এমন উগ্রপন্থী সমর্থকদের গ্রেপ্তার করে বেশ কয়েকটি পূর্বপরিকল্পিত সংঘর্ষ ঠেকাতে পেরেছে বলে দাবি করেছে পুলিশ।
উদাহরণ হিসেবে গত নভেম্বরের আতলেতিকো মাদ্রিদ ও সেভিয়ার ম্যাচের কথা উল্লেখ করেছে পুলিশ। তারা জানিয়েছে, আগেই অভিযান চালিয়ে দুই দলের সমর্থকগোষ্ঠীর পরিকল্পিত সংঘর্ষ থামিয়েছে তারা। এছাড়া সেভিয়া ও রেয়াল বেতিস আলট্রাসের পরিকল্পিত ‘মিট-আপের’ আগে ১৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
তারা আরও জানায়, চলতি মৌসুমে এখন পর্যন্ত স্পেনে ১৫টি অভিযান চালিয়ে এই ১৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেকোনো চরমপন্থী ও সহিংস আচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গ্রেপ্তার হওয়া অধিকাংশ ব্যক্তি মারামারি, শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন ধরনের অপরাধ চক্রের সঙ্গে জড়িত।’
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই পুরুষ এবং তাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।