মালদ্বীপকে বিধ্বস্ত করে মেয়েদের ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছেলেদের সাফ ফুটসালে এবার তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৭ দলের টুর্নামেন্টে পঞ্চম হয়েছেন মইন আহমেদ-ফায়েদ আজিমরা। তবে মেয়েদের ফুটসালে ঠিকই দাপট দেখিয়েছে বাংলাদেশ।

নিজেদের শেষ ম্যাচে আজ মালদ্বীপকে ১৪-২ ব্যবধানে হারিয়েছেন সাবিনা খাতুন-কৃষ্ণা রাণী সরকাররা। একই সঙ্গে মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণেই শিরোপা জিতল বাংলাদেশ।

আজকের জয়ে ৬ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। দুইয়ে থাকা ভুটানের পয়েন্ট ১১। ভুটান অবশ্য একটা ম্যাচ কম খেলেছে। কিন্তু ওই ম্যাচ জিতলেও ভুটানের পয়েন্ট হবে ১৪। অর্থাৎ দুই পয়েন্ট এগিয়েই থাকছে বাংলাদেশ। 

তবে আজকের ম্যাচে শুরুতেই গোল হজম করেছিল বাংলাদেশ। চতুর্থ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। শুরুতে গোল খেয়েই আড়মোড়া ভাঙে সাবিনাদের। এরপর ম্যাচটাকে রীতিমতো একপেশে বানিয়ে ফেলে বাংলাদেশ।

গোল হজমের কিছু সময় পর সাবিনার দূর পাল্লার এক ফ্রি কিকে সমতায় ফেরে বাংলাদেশ। এর একপু পর কৃষ্ণা রাণী ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল বাংলাদেশ। কিন্তু স্পটকিকটি লক্ষ্যে রাখতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। একটু পরে সার্কেলের বাইরে থেকে আরেক ফ্রি কিকে বাংলাদেশকে এগিয়ে (২-১) দেন সাবিনা।

প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে আরও চার গোল করে বাংলাদেশ। এবার একে একে গোলের খাতায় নাম লেখান কৃষ্ণা, লিপি আক্তার (২) ও নৌশিন জাহান। তাতে ৬-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দূরপাল্লার শটে হ্যাটট্রিক আদায় করেন সাবিনা। কিছু সময় পরই ব্যবধান বাড়ান মাতসুশিমা সুমাইয়া। এরপর আবারও সাবিনা ম্যাজিক, তাতে ৯-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। মাঝে নীলার একটি গোলের পর হ্যাটট্রিক পূরণ করেন লিপিও। আর শেষ দিকে মালদ্বীপ একটি গোল ফিরিয়ে দিলেও বড় লজ্জা এড়াতে পারেনি।

থাইল্যান্ডে আয়োজিত এবারের এবারের টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বসেন সাবিনারা। সেটা অবশ্য তেমন বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তৃতীয় ম্যাচে আবার ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নেপালের বিপক্ষে তুলে নেয় ৩-০ ব্যবধানের জয়।

নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-৩ ব্যবধানে হারানোর পর সাবিনারা পাকিস্তানকে উড়িয়ে দিয়েছেন ৯-১ ব্যবধানে। এরপর আজ মালদ্বীপকে বিধ্বস্ত করলেন ১৪-২ গোলের ব্যবধানে। চলতি টুর্নামেন্টে এটাই সবচেয়ে বড় জয়। আর এমন বড় জয় দিয়েই ইতিহাস লিখলেন বাংলাদেশের মেয়েরা।