আফ্রিকান নেশনস কাপ ফাইনাল

মারামারির কারণে দুই দলকে জরিমানা করা হলো ১৬ কোটি টাকা

আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনায় সেনেগাল ও মরক্কোকে বড় ধরনের শাস্তি দিয়েছে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল। দুই দলের ফেডারেশন এবং খেলোয়াড়-কোচদের মিলিয়ে মোট ১৩ লাখ ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৬ কোটি ২৬ লাখ টাকারও বেশি। 

কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের ঘোষিত শাস্তি অনুযায়ী, সেনেগাল ফুটবল ফেডারেশনকে ৬ লাখ ১৫ হাজার ডলার  জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৫২ লাখ টাকা। অন্যদিকে মরক্কোর রয়্যাল ফুটবল ফেডারেশনকে ৩ লাখ ১৫ হাজার ডলার, অর্থাৎ প্রায় ৩ কোটি ৮৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে।

শাস্তি শুধু এখানেই থামেনি। খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের অসদাচরণের কারণে আলাদাভাবেও জরিমানা শুনতে হচ্ছে। সেনেগালের কোচ পাপ থিয়াওকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাঁকে আলাদাভাবে ১ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১ কোটি ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মূলত পেনাল্টির প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা কোচের নেতৃত্বে মাঠ ছেড়ে যাওয়ায় এই শাস্তি পেয়েছেন পাপ থিয়াও। যদিও এই নিষেধাজ্ঞা আসন্ন ফিফা বিশ্বকাপে কার্যকর হচ্ছে না। আফ্রিকান প্রতিযোগিতার ক্ষেত্রেই তা কার্যকর হবে।  

এদিকে সেনেগালের খেলোয়াড় ইলিমান এনদিয়ায়ে ও ইসমাইলা সারকে দুইটি আফ্রিকান ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। মরক্কোর আশরাফ হাকিমিকেও দুই ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে, যার একটি অবশ্য স্থগিত থাকবে। এছাড়া মরক্কোর ইসমাইল সাইবারিকে অসদাচরণের দায়ে তিন ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে এবং ১ লাখ ডলার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২২ লাখ টাকা। 

খেলোয়াড় ও কোচদের শাস্তি দিয়েই থামেনি কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল। স্বাগতিক দল মরক্কোর বল বয়দের অসদাচরণের কারণে মরক্কোর ফেডারেশনকে ২ লাখ  ডলার জরিমানা করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা। 

মূলত গত ১৮ জানুয়ারি মরক্কোর রাবাতে অনুষ্ঠিত আফকন ফাইনালে ম্যাচের শেষ দিকে দেওয়া একটি পেনাল্টিকে ঘিরেই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এক পর্যায়ে দুই দলের খেলোয়াড়-সমর্থক-স্টাফরা হাতাহাতি-মারামারিতে জড়িয়ে পড়ে। মরক্কোর পক্ষে যাওয়া সেই পেনাল্টির প্রতিবাদে মাঠে ছেড়েছিল সেনেগাল। এতে প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। পরে ম্যাচ পুনরায় শুরু হলে মরক্কো পেনাল্টি মিস করে এবং অতিরিক্ত সময়ে সেনেগাল ১–০ ব্যবধানে জয়ে আফকনের শিরোপা নিজেদের করে নেয়।