মেসি তো পরের কথা, ৯২ বছরেই যা হয়নি, তা করে দেখালেন ইয়ামাল

বিরতির আগেই দুই গোল, বিরতির পরও একটা- গতকাল শনিবার রাতে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন লামিন ইয়ামাল। স্প্যানিশ এই উইঙ্গারের দুর্দান্ত হ্যাটট্রিক, আর ম্যাচের যোগ করা সময়ে রবের্ত লেভানদফস্কির গোল- লা লিগার ম্যাচে ভিয়ারেয়ালকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

ঘরের মাঠের এ জয়ে পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান পাকাপোক্ত করেছে হানসি ফ্লিকের দল। চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের (২৫ ম্যাচে ৬০ পয়েন্ট) চেয়ে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গিয়েছে বার্সা (২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট)। মাদ্রিদ অবশ্য একটা ম্যাচ কম খেলেছে। আলভারো আরবেলোয়ার দল হাতে থাকা ওই ম্যাচটা জিতলেও ১ পয়েন্ট ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকবে বার্সা।

বার্সার বড় জয়ের রাতে ইয়ামালের ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক, তাতে লা লিগা ইতিহাসেই নাম তুলেছেন স্প্যানিশ উইঙ্গার। এমনকি সেই কীর্তি গড়তে পারেননি বার্সার সাবেক কিংবদন্তি লিওনেল মেসিও!

তা ইয়ামাল কোন রেকর্ড গড়েছেন? চলতি শতাব্দীতে সবচেয়ে কম বয়সে লা লিগায় হ্যাটট্রিক করার রেকর্ড এখন ইয়ামালের। এর আগে রেকর্ডটা ছিল জিও দস সান্তোসের দখলে। ২০০৮ সালের মে মাসে মার্কিয়ার বিপক্ষে ১৯ বছর ৬ দিন বয়সে এক ম্যাচে তিন গোল করেছিলেন তিনি। গতকাল মাত্র ১৮ বছর ২৩০ দিন বয়সে হ্যাটট্রিক করে রেকর্ডটা নিজের করে নেন ইয়ামাল।

স্প্যানিশ বিস্ময় বালক ইয়ামালকে পারফরম্যান্সের বিচারে কিংবা নানান ক্ষেত্রেই মেসির সঙ্গে তুলনা করা হয়। বার্সার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, লা লিগার বহু রেকর্ডের মালিক মেসিকেও প্রথম লিগ হ্যাটট্রিকের জন্য অপেক্ষা করতে হয়েছে ১৯ বছর ২৫৬ দিন পর্যন্ত (২০০৭ সালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে)।

আরেক জীবন্ত কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম লা লিগা হ্যাটট্রিকরে দেখা পেয়েছেন ২৫ বছর ৯০ দিন বয়সে। অবশ্য রোনালদো স্প্যানিশ লিগে যোগই দিয়েছেন অনেক পরে। কিন্তু এরপরও রোনালদো ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন ২০০৮ সালের জানুয়ারিতে, তখন পর্তুগিজ তারকার বয়স ২২ বছর ৩৩৭ দিন!

মেসি-রোনালদোকে তো বটেই, চলতি শতাব্দীতে সবচেয়ে কম বয়সে লা লিগায় হ্যাটট্রিক করা ইয়ামাল লা লিগা ইতিহাসেই তৃতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে তিন গোলের কীর্তি গড়লেন ১৮ বছর বছরের মধ্যেই!

ইয়ামালের চেয়ে কম বয়সে যে দুজন হ্যাটট্রিক করেছেন, সেটা খুঁজতেও প্রায় ১০০ বছর পেছনে যেতে হয়! ১৯৩০ সালে ১৭ বছর ৩৩৭ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন হোসে ইরারাগোরি। এর ৪ বছর পর, ১৮ বছর ২০০ দিন বয়সে এই কীর্তিতে নাম লেখান পাবলো পোমবো।