অবশেষে ব্রাজিল দলে নেইমার, কিন্তু সেখানেও ঝামেলার শেষ নেই

একের পর এক মাস পেরিয়ে যায়, প্রতিপক্ষও বদলায়, এমনকি বদলে যায় ডাগ আউটে কোচের নামও। এরপরও জাতীয় দলে নেইমারের আর ফেরা হয় না। সেই যে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোট পেলেন, সেই থেকেই জাতীয় দলের বাইরে নেইমার।

সে সময় ফের্নান্দো জিনিসের অধীনে থাকা ব্রাজিলের হাল মাঝে ধরেছিলেন দরিফাউ জুনিয়র। আর গত বছরের মে মাস থেকে সেলেসাওদের ডাগআউট সামলানোর দায়িত্বটা কার্লো আনচেলত্তির কাঁধে। কোচিং প্যানেলে এত পরিবর্তন, অন্যদিকে চোট কাটিয়ে উঠলেও নেইমারকে কেউ স্কোয়াডে ডাকেননি।

অবশেষে নেইমারের সেই অপেক্ষার অবসান ঘটতে চলছে। আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবো এবং ইউওএল এমনটাই জানিয়েছে। তবে প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলেও নেইমারের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলেও ভিন্ন আরেক প্রতিবেদনে জানিয়েছে গ্লোবো।

তা জটিলতাটা কী নিয়ে? ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী ২৭ মার্চ ভোরে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর চারদিন পর ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এ দুটি ম্যাচের জন্য আনচেলত্তি যে প্রাথমিক স্কোয়াড সাজিয়েছেন, সেখানে নেইমারকে রেখেছেন। কিন্তু নেইমারকে চূড়ান্ত দলে রাখার আগে মাঠে বসে সরাসরি তাঁর খেলা দেখতে চান আনচেলত্তি। আর সেটা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

বাংলাদেশ সময় আগামীকাল সকালে ব্রাজিলিয়ান সেরি আ-র ম্যাচে মিরাসলের মুখোমুখি হবে সান্তোস। গ্লোবো জানাচ্ছে, এ ম্যাচটা দেখতে সরাসরি মাঠে উপস্থিত থাকবেন আনচেলত্তি। গ্যালারি থেকে নেইমারকে ভালোমতো পর্যবেক্ষণ করবেন তিনি।

কিন্তু মিরাসলের বিপক্ষে এ ম্যাচের স্কোয়াড থেকে নেইমারের নাম বাদ পড়েছে। ঠিক কী কারণে নেইমার আগামীকালের ম্যাচটা খেলবে না, এ নিয়ে সান্তোসের পক্ষ থেকে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) কিছুই জানায়নি। তবে সূত্রের বরাতে গ্লোবো জানিয়েছে, নেইমারের মাংসপেশিতে আবারও সমস্যা দেখা গেছে বলেই ম্যাচটা খেলা হবে না ৩৪ বছর বয়সী এ তারকার।

এ দিকে নেইমারের চোট নিয়ে কোনো ধরনের প্রতিবেদন পায়নি ব্রাজিলের কোচিং স্টাফ। ফলে যে উদ্দেশ্যে আগামীকাল ম্যাচ দেখতে আনচেলত্তি গ্যালারিতে থাকবেন, সেটা পূরণ হচ্ছে না। এমন অবস্থায় নেইমারকে চূড়ান্ত স্কোয়াডে রাখা আনচেলত্তির জন্য কঠিনই হতে পারে। কারণ ব্রাজিল কোচ আগেই জানিয়েছেন, নেইমারকে দলে চান তিনি, তবে সেটা পূর্ণ ফিট অবস্থায়!

সান্তোসের বরাতে গ্লোবো আরও জানিয়েছে, নেইমার এখন পেশীর অনুশীলন করছেন এবং কারিন্থিয়াসের বিপক্ষে পরের ম্যাচেই খেলতে পারেন। কিন্তু নেইমার মাঠে নামলেই যে আনচেলত্তির চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাবেন, ব্যাপারটা এমন নয়।

গ্লোবো উল্লেখ করেছে, গত ২৬ ফেব্রুয়ারি ভাস্কো দা গামার বিপক্ষে পুরো ৯০ মিনিটই খেলেন নেইমার। কিন্তু পরের ১২ দিন তাঁকে কোনো অনুশীলনে দেখা যায়নি। সিবিএফ মনে করছে, এটা নতুন কোনো চোটের ইঙ্গিত হতে পারে। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে সান্তোস।

এ কারণে ব্রাজিল ফুটবলে আলোচনা চলছে, নেইমার কি আসলেই বারবার চোটে পড়ছেন, নাকি বিশ্বকাপে খেলার সুযোগ পেতে নিজেই চোট এড়িয়ে চলার চেষ্টা করছেন!