মধ্যপ্রাচ্য সংকটে বিশ্বকাপই স্থগিত হবে? যা জানাল ফিফা

ইরান কি ২০২৬ বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে, নাকি শেষ পর্যন্ত সরে দাঁড়াবে? মধ্যপ্রাচ্য সংকটে আকাশসীমা যেভাবে বন্ধ হয়েছে, তাতে দলগুলো বিশ্বকাপে অংশ নিতে পারবে কি? সংকটময় পরিস্থিতিতে শেষ পর্যন্ত বিশ্বকাপটাই স্থগিত হয়ে যাবে না তো আবার?

আসন্ন বিশ্বকাপ শুরুর মাস তিনেক আগে এমন নানা প্রশ্ন জাগতে শুরু করেছে ক্রীড়াঙ্গনে। ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার সংঘাত ঘিরে সৃষ্ট সংকটে শঙ্কা জেগেছে ফুটবল বিশ্বকাপ নিয়ে। তবে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি জানিয়েছেন, নির্ধারিত সময়েই বিশ্বকাপ আয়োজিত হবে। আর বিশ্বকাপটা এতে বড় আয়োজন, সেটা থামানো সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

গতকাল সোমবার ডালাসে ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিরগি। সেখানে তাঁকে ইরান প্রসঙ্গে প্রশ্ন করা হয়। সাংবাদিকরা জানতে চান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেখানে বৈরী সম্পর্ক, সেখানে ইরান বিশ্বকাপে অংশ নিতে পারবে কি না!

এমন প্রশ্নের জবাবে শিরগি বলেছেন, ‘একসময় না একসময় এই পরিস্থিতির সমাধান হবে, এবং বিশ্বকাপ অবশ্যই পরিকল্পনা অনুযায়ী আয়োজিত হবে। বিশ্বকাপ এত বড় একটি আয়োজন, আমরা আশা করি, যারা যোগ্যতা অর্জন করেছে সবাই অংশ নিতে পারবে।’

ফিফার এই পরিচালন কর্মকর্তা আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে ফিফা। পাশাপাশি বিভিন্ন ফেডারেল ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে প্রতিদিনের পরিস্থিতি মূল্যায়ন করছে।

তিনি আরও জানান, ফিফা এরইমধ্যে ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছে। তবে সেই আলোচনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।