টটেনহ্যামের দুঃস্বপ্ন চলছেই

চেয়ারে লোকই বদলাল শুধু, দলটার ভাগ্য বদলাল না

টটেনহ্যামের দুঃসময়ের পথ যেন ক্রমেই লম্বা হচ্ছে। দলের একের পর এক বেহাল পারফরম্যান্সের দায়ে গত ১৪ ফেব্রুয়ারি বরখাস্ত হন কোচ থমাস ফ্রাঙ্ক। তাঁর বদলে দায়িত্ব নেন ইগর তুদোর। কিন্তু কোচ বদলালেও টটেনহ্যামের ভাগ্যাকাশে পরিবর্তন আসেনি।

নতুন এ ক্রোয়াট কোচের অধীনে গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে টটেনহ্যাম। ইগরের অধীনে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলা চার ম্যাচেই হার, সব মিলিয়ে সর্বশেষ ৬ ম্যাচেই হারল টটেনহ্যাম। ক্লাবের ১৪৪ বছরের ইতিহাসে এই প্রথম টানা এত ম্যাচ হারল দলটি! আর টটেনহ্যাম ইতিহাসে এই প্রথম কোনো কোচ (ইগর) দায়িত্ব নেওয়ার পর প্রথম চার ম্যাচেই দলের হার দেখলেন।

টটেনহ্যামের দেয়ালে পিঠ ঠেকার রাতে প্রায় একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুল। তুর্কিশ ক্লাব গালাতাসারাইয়ের মাঠে গিয়ে ১-০ ব্যবধানে হেরেছে আর্নে স্লটের দল। ইংলিশ ক্লাবটির হয়ে এটি ছিল স্লটের ১০০তম ম্যাচ। কিন্তু নিজের মাইলফলকের ম্যাচে হারার পর রেফারির সিদ্ধান্ত ও শিষ্যদের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন স্লট।  

ইংল্যান্ডে দুই ক্লাবের হতাশার রাতে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ নিজেদের দাপট দেখিয়েছে। ইতালিয়ান ক্লাব আতালান্তার মাঠে গিয়ে আতালান্তাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। আর নিউক্যাসলের মাঠে গিয়ে হারতে হারতে শেষ মুহূর্তে ইয়ামালের পেনাল্টি গোলে কোনো রকমে ড্র (১-১) করে মাঠ ছেড়েছে বার্সা।

আতলেতিকো মাদ্রিদ যে বড় জয় পাবে, সেটা ম্যাচের শুরুতেই আভাস মেলে। ম্যাচের ১৫ মিনিট হওয়ার আগেই একে একে টটেনহ্যামের জালে বল জড়ান লরেন্তে, গ্রিজমান ও আলভারেস। চ্যাম্পিয়নস লিগের নকআউটে এই প্রথম কোনো দল ১৫ মিনিটেই ৩ গোল করল।

শুরুতেই এমন গোল হজমের পর ১৭ মিনিটে গোলকিপার বদলে ফেলে টটেনহ্যাম। তাতেও ভাগ্য বদল হয়নি। ২২ মিনিটে নরমান্দ ও ৫৫ মিনিটে আলভারেস আরও দুবার জালে বল জড়ান। অন্যদিকে দুই অর্ধে দুটি গোল ফেরত দিলও বড় হার এড়াতে পারেনি টটেনহ্যাম।

ম্যাচ শেষে টটেনহ্যাম কোচ ইগর বলেছেন, ‘আমরা খুব ভঙ্গুর, খুব দুর্বল।’ দলের এমন বাজে পারফরম্যান্সের ব্যাখ্যাও নেই তাঁর কাছে, ‘এটা অদ্ভুত, খুবই অস্বাভাবিক। এটা ব্যাখ্যা করা কঠিন।’

টানা চার ম্যাচই হেরে টটেনহ্যামে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এটা আমার বিষয় নয়। আমাদের শান্ত থাকতে হবে, কম কথা বলতে হবে।’

ম্যাচ শেষে এক বিবৃতিতে টটেনহ্যাম উল্লেখ করেছে, ‘আজকের পারফরম্যান্স ও ফল পুরোপুরি লজ্জাজনক। এটা এখন টটেনহ্যামের ভীষণ খারাপ অবস্থারই প্রতিফলন। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো থেকে শুরু করে কোচ নিয়োগ— সব ক্ষেত্রেই নেতৃত্বের অভাব স্পষ্ট। এসব সিদ্ধান্তে ক্লাবের ঐতিহ্য বোঝে এমন কাউকেই দেখা যাচ্ছে না। ‘ডেয়ারিং টু ডু’ কোথায়? ‘ইকোজ অব গ্লোরি’ কোথায়?’’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জরুরি পদক্ষেপ নেওয়ার সময় এখন। কারণ আমরা যেন ঘুমিয়ে ঘুমিয়েই খাদের কিনারে চলে যাচ্ছি। টটেনহ্যামের সমর্থক হওয়া কখনো এত কঠিন ছিল না। কিন্তু সমর্থকেরা বসে বসে ক্লাবের পতন দেখতে রাজি নন।’

 

এক নজরে চ্যাম্পিয়নস রিগের শেষ ষোলোর প্রথম লেগের ফল

গালাতাসারাই ১-০ লিভারপুল

আতলেতিকো মাদ্রিদ ৫-২ টটেনহাম

নিউক্যাসল ইউনাইটেড ১-১ বার্সেলোনা

আতালান্তা ১-৬ বায়ার্ন মিউনিখ