আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী কোন দুদল? প্রশ্নটার উত্তর প্রায় সবারই জানা- আর্জেন্টিনা ও ব্রাজিল। লাতিন আমেরিকার প্রতিবেশী এ দুদেশের দ্বৈরথ নিয়ে বিশ্ব ফুটবলই বিভক্ত। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ফুটবল প্রেমীদের কাছে সবময়ই বাড়তি আকর্ষণ বা রোমাঞ্চের!
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সাম্প্রতিক লড়াইটা অবশ্য অনেকটাই একপেশে হয়ে গেছে। সেই পাল্লাটা আর্জেন্টিনার দিকে হেলে। ২০১৯ সালের জুলাইয়ের পর থেকে আর্জেন্টিনাকে হারাতে পারছে না সেলেসাওরা। তবে মূল দল না পারলেও, এবার আর্জেন্টিনার বয়সভিত্তিক দলকে বলতে গেলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল!
২০২৬ সাউথ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ম্যাচে গতকাল শনিবার আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে ব্রাজিল। একই সঙ্গে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও সরাসরি জায়গা নিশ্চিত করেছে সেলেসাওরা।
আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ হবে, সেখানে আলাদা করে প্রতিদ্বন্দ্বিতা হবে না- সেটা যেন হতেই পারে না। ম্যাচের শেষ বাঁশি বাজতেই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়। শেষ পর্যন্ত প্ররোচনার জেরে আর্জেন্টিনার তোবিয়াস গয়তিয়াকে লাল কার্ড দেখান রেফারি।
প্যারাগুয়ের ভিয়েতার স্তাদিও আমেলিয়াতে অনুষ্ঠিত এ ম্যাচটা ছিল টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা ও ব্রাজিলের তৃতীয় ম্যাচ। ম্যাচের প্রথমার্ধে রিকুয়েলমের জোড়া গোল ও নির্ধারিত সময়ের শেষ দিকে কনসেইসাওয়ের গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ব্রাজিল।
তাতে ৩ ম্যাচে পূর্ণাঙ্গ ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপের জায়গা নিশ্চিত করল এই টুর্নামেন্টে রেকর্ড ১৪ বার ও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।
অন্যদিকে নিজেদের প্রথম দুই ম্যাচে পেরু ও ভেনেজুয়েলাকে হারালেও ব্রাজিল বাধা অতিক্রম করতে পারল না আর্জেন্টিনা। তাতে অবশ্য আলবিসেলেস্তেদের বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে যায়নি। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দুইয়ে আছে আর্জেন্টিনা। পরের ম্যাচে বলিভিয়াকে হারাতে পারলেই বিশ্বকাপের টিকিট মিলবে আর্জেন্টিনার।
এমনকি হেরে গেলেও সুযোগ থাকবে এই টুর্নামেন্টে ৪ বারের চ্যাম্পিয়নদের। ১০ দলের এই টুর্নামেন্টের শীর্ষ ৭ দলই যে বিশ্বকাপে সুযোগ পাবে!