তিনি যে ফুটবলার, সেটা হয়ত কিছুক্ষণের ভুলে নিজেকে একজন বক্সার হিসেবে কল্পনা করেছিলেন রেয়াল সারাগোসার আর্জেন্টাইন গোলকিপার এস্তেবান আনদ্রাদা! নয়তো ফুটবল ম্যাচ চলাকালে কীভাবে প্রতিপক্ষকে ধাক্কা মারা কিংবা রেসলিং স্টাইলে সজোরে ঘুষি মেরে বসলেন ৩৫ বছর বয়সী এ গোলকিপার। আর এমন ঘটনায় দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন তিনি।
আলোচিত ঘটনাটি গত রোববার রাতের। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ম্যাচে এসডি হুয়েস্কার মুখোমুখি হয়েছিল সারাগোসা। নির্ধারিত সময় শেষে তখন যোগ করা সময়ের খেলা চলছিল। হুয়েস্কা ১-০ গোলে এগিয়ে। এমন সময় রেফারির কোনো একটা সিদ্ধান্তে অসন্তুষ্ট আনদ্রাদা মধ্যমাঠের সাইডলাইনের দিকে রেফারির কাছে গিয়ে ক্ষোভ ঝাড়েন।
সেদিকে পাত্তা না দিয়ে ভিএআর যাচাই করতে সাইডলাইনের বাইরে চলে যান রেফারি। এমন সময় আনদ্রাদার কাছে আসতেই হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদোকে ধাক্কা মেরে বসেন আর্জেন্টাইন গোলকিপার।
এ ঘটনায় রেফারি লাল কার্ড দেখান আনদ্রাদাকে। তাতে যেন আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন আর্জেন্টাইন গোলকিপার। মেজাজ হারিয়ে দৌড়ে গিয়ে এবার পুলিদোকে সজোরে ঘুষি মেরে বসেন। এতে মাঠে চরম উত্তেজনা তৈরি হয়। দুদলের খেলোয়াড়রা রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দুদলের খেলোয়াড়দের আলাদা করা হয়।
এ ঘটনার পর হুয়েস্কা গোলকিপার দানি জিমেনেস ও জারাগোসার দানি তাসেনদেকেও লাল কার্ড দেখানো হয়। শেষ পর্যন্ত ম্যাচটা ১-০ ব্যবধানেই জেতে হুয়েস্কা।
এদিকে প্রতিপক্ষকে এভাবে ঘুষি ও ধাক্কা মারা আনদ্রাদা এ ঘটনায় সর্বোচ্চ ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। এর সঙ্গে যোগ হতে পারে লাল কার্ডের বাধ্যতামূলক এক ম্যাচের নিষেধাজ্ঞা।
আর্জেন্টাইন গোলকিপারের এমন কাণ্ডে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে সারাগোসা। ক্লাবের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘আমরা এমন কিছু দৃশ্য দেখেছি, যা এই খেলার সঙ্গে একেবারে মানানসই নয়। এমনটা কখনোই কাম্য নয়। ক্লাব ওই মুহূর্তের ঘটনায় কঠোর নিন্দা জানাচ্ছে। আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাচকে কলঙ্কিত করেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
সারাগোসা ও হুয়েস্কা- দুদলই দ্বিতীয় বিভাগ থেকেও অবনমিত হওয়ার শঙ্কায়। গতকালের ম্যাচটা জিতলে অবমনম অঞ্চলে ওপরে উঠে যেত সারাগোসা। কিন্তু জয় তো দূরের কথা, গোলকিপারের অনাকাঙ্ক্ষিত কাণ্ডে সমালোচনার মুখে পড়েছে ক্লাবটি।
এ ঘটনায় ক্লাবের পক্ষ থেকেও শাস্তির মুখে পড়তে পারেন আনদ্রাদা, সেটাও জানিয়েছে সারাগোসা। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘এস্তেবান আনদ্রাদার বিষয়টি বিশ্লেষণ করার পর প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেবে ক্লাব।’