২০০৫ সালে ব্রাদার্স ইউনিয়নের হয়ে পেশাদার ক্যারিয়ারের শুরুটা করেছিলেন মামুনুল ইসলাম। জাতীয় দল থেকে অনেক আগে বিদায় নিলেও ঘরোয়া ফুটবল খেলে যাচ্ছিলেন। অবশেষে আজ ফুটবলার হিসেবে দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারের শেষ সংবাদ সম্মেলনটা করেছেন মামুনুল।
বিদায়বেলা নিজের প্রাপ্তির সঙ্গে একাধিক আক্ষেপের কথাও জানিয়েছেন এই মিডফিল্ডার। আগামীকাল কিংস অ্যারেনায় লিগে রহমতগঞ্জের বিপক্ষে ফর্টিস এফসির জার্সিতে শেষ ম্যাচ খেলবেন ৩৭ বছর বয়সী মামুনুল।
২০০৩ সালের পর বাংলাদেশ আর সাফ চ্যাম্পিয়ন হয়নি। নিজের ক্যারিয়ারে ছয়টি সাফ খেলেও শিরোপার দেখা পাননি। সেই স্বপ্ন অধরা থেকে যাওয়াটাই মামুনুলের বড় আক্ষেপ, ‘সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য হতে পারিনি, এটা আমার ক্যারিয়ারের একটা আক্ষেপের জায়গা।’
ক্যারিয়ারে অর্জন ও প্রাপ্তি নিয়ে মামুনুল বলেন, ‘ফুটবল থেকে আমি অনেক কিছু পেয়েছি। নাম বলেন, খ্যাতি বলেন, অর্থ বলেন, ট্রফি বলেন, অর্জন বলেন—অনেক কিছু। এখন শুধু ঋণ শোধের পালা।’
ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান সুপার লিগে অ্যাথলেটিকো কলকাতায় ডাক পেয়েছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তবে সেবার তিনি একাদশে সুযোগ পাননি। সাফ জয় ছাড়াও আরেকটি আক্ষেপের কথা জানিয়ে মামুনুল বলেন, ‘এটাও আমার একটা আক্ষেপ। আইএসএলে টিমে থাকলেও আমি খেলতে পারিনি।’
২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারের যাত্রাটা ব্রাদার্সে হলেও একে একে আবাহনী, মোহামডোন, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল, রহমতগঞ্জ হয়ে এখন ফর্টিজে ইতি টানছেন। জাতীয় দলেও খেলেছেন প্রায় এক দশক। ২০০৮ সালে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া মামুনুল দেশের হয়ে ৬৭টি ম্যাচ খেলেছেন।