ড্রিবল করায় রবিনিওর ছেলেকে মেরেছেন নেইমার!

২০২৬ বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার সুযোগ পাওয়ার সম্ভাবনা যেন ততটাই ক্ষীণ হয়ে যাচ্ছে! একদিকে এখনো আনচেলত্তির ব্রাজিল দলে ডাক পাননি নেইমার। কোথায় ফিটনেস ফিরিয়ে পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসবেন, কিন্তু নেইমার কি না আলোচনায় এসেছেন সতীর্থকে মারধর করে। আর এমন অভিযোগের ঘটনায় তদন্তের মুখে পড়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, গত রোববার অনুশীলনের সময় ক্লাব সতীর্থ রবিনিও জুনিয়রকে ‘শারীরিকভাবে আঘাতের’ অভিযোগ উঠেছে নেইমারের বিরুদ্ধে। আর সেই অভিযোগে এরইমধ্যে তদন্ত শুরু করেছে সান্তোস।

সূত্রের বরাতে ইএসপিএন উল্লেখ করেছে, অনুশীলনের সময় ১৮ বছর বয়সী রবিনিও জুনিয়র নেইমারকে ড্রিবল করে পেরিয়ে যান। এটা যেন মানতে পারছিলেন না নেইমার। তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁকে অসম্মান করা হয়েছে ভেবে তীব্র প্রতিক্রিয়া দেখান।

পর্তুগিজ ভাষায় দেওয়া সান্তোসের বিবৃতিতে এ প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে ‘সান্তোস ফুটবল ক্লাবের এক খেলোয়াড় অন্য খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ সম্পর্কে জানতে পেরেছে।’

তা রাগের মাথায় কী এমন করেছিলেন নেইমার, যা তদন্তের পর্যায়ে গড়িয়েছে? সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, রবিনিও জুনিয়র তাঁকে ড্রিবল করে অতিক্রম করে যাওয়ায় নেইমার এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন যে, নেইমার পা লাগিয়ে রবিনিও জুনিয়রকে ফেলে দেন। এরপর দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরে সতীর্থরা তাদের আলাদা করেন। ঘটনার পর রবিনিও জুনিয়র মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন বলে উল্লেখ করেছে ইএসপিএন।

সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই ক্লাব বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। ক্লাবের আইন বিভাগকে তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো ইস্পোর্তে জানিয়েছে, ব্রাজিলে জাতীয় দল, রেয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ড রবিনিওর ছেলে নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ তুলেছেন। একইসঙ্গে ক্লাবে ‘ন্যূনতম নিরাপত্তার অভাব’ দেখিয়ে চুক্তি বাতিলের বিষয়ে আলোচনার জন্য সান্তোসের সঙ্গে বৈঠকের দাবিও জানিয়েছেন।

রবিনহো জুনিয়রের অভিযোগ, নেইমার তাকে ‘অপমানজনক ভাষায় গালি দিয়েছেন', পা লাগিয়ে ফেলে দিয়েছেন এবং ‘মুখে জোরে থাপ্পড় মেরেছেন।’

অভিযোগ প্রসঙ্গে নেইমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েছিল ইএসপিএন। তবে নেইমারের প্রেস অফিস জানিয়েছে, এ ব্যাপারে সান্তোস অধিনায়ক কোনো মন্তব্য করতে চান না।

তবে এর আগে সূত্র ইএসপিএনকে জানিয়েছিল, ঘটনার পর পরিস্থিতি শান্ত করতে নেইমার নিজেই রবিনিও জুনিয়রকে ফোন করেন এবং তার পরিবারের কাছেও বার্তা পাঠিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

ব্রাজিল জাতীয় দলে একসময় রবিনিও জুনিয়রের বাবার সঙ্গে খেলেছেন নেইমার। এদিকে গত গ্রীষ্মে সান্তোসের মূল দলে জায়গা পাওয়া রবিনিও জুনিয়র চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আটটি ম্যাচ খেলেছেন।