ফিফা বিশ্বকাপের আর মাত্র মাস খানেক বাকি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ৪৮ দলের হতে যাওয়া বিশ্বকাপে টিকিটের বাড়তি দাম নিয়ে অনেকদিন ধরেই সমালোচনার মুখে ফিফা। এর মধ্যেই গুঞ্জন, প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম এক হাজার ডলার ছাড়িয়েছে, বাংলাদেশি অর্থমূল্যে যা ১ লাখ ২৩ হাজার টাকারও বেশি।
টিকিটের এমন বাড়তি মূল্য নিয়ে এবার মুখ খুলেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, টিকিটের দাম যদি সত্যিই এক হাজার ডলার হয়, তাহলে তিনিও এত দাম দিয়ে সেই টিকিট কিনতেন না।
আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের। এর পরের দিন লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে যুক্তরাষ্ট্র। ওই ম্যাচের টিকিটের দাম নিয়ে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেছেন, ‘দামের ব্যাপারটা আমি সঠিক জানতাম না। আমি অবশ্যই সেখানে (উদ্বোধনী ম্যাচে) থাকতে চাই। কিন্তু সত্যি বলতে, এত টাকা দিয়ে টিকিট কিনতাম না।’
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে একেক ম্যাচের টিকিটের মূল্য একেক রকম। আর ফিফা সেই টিকিটের মূল্য নির্ধারণ করেছে দলগুলোর জনপ্রিয়তার ভিত্তিতে। বিশ্বকাপের আগের আসরগুলোর চেয়ে সেই মূল্য অনেক বেশি।
সেখানেই শেষ নয়, ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে কিছু ম্যাচের টিকিটের দাম কয়েকগুণ পর্যন্ত বেড়ে যাচ্ছে। আবার, রিসেল প্ল্যাটফর্মে বিক্রি হওয়া প্রতিটি টিকিটের ক্রেতা ও বিক্রেতা- উভয়ের থেকেই ১৫ শতাংশ করে মোট ৩০ শতাংশ ফি কেটে রাখছে ফিফা।
একদিকে টিকিটের বাড়তি দাম, তার ওপর ফিফার এমন কার্যক্রমে সমালোচনা কম হচ্ছে না। টিকিটের অতিরিক্ত দাম নিয়ে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘কুইন্স, ব্রুকলিন কিংবা যারা ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসে, তারা যদি মাঠে যেতে না পারে, সেটা হবে হতাশার। আমি চাই, যারা আমাকে ভোট দিয়েছে, তাদের যেন খেলা দেখার সুযোগ থাকে।’