গতকাল মঙ্গলবার ঘানার ২৮ সদস্যের বিশ্বকাপ প্রাথমিক দল ঘোষণা করেছেন কার্লোস কুইরোজ। সেই দলে জায়গা পেয়েছেন ধর্ষণ মামলায় অভিযুক্ত সাবেক আর্সেনাল মিডফিল্ডার থমাস পার্টে।
আগামী বছর যুক্তরাজ্যের আদালতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ৩২ বছর বয়সী এ ফুটবলারের। বর্তমানে ভিয়ারেয়ালে খেলা এ মিডফিল্ডারের বিরুদ্ধে সাতটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যকার বিভিন্ন ঘটনায় এসব অভিযোগ ওঠে পার্টের বিরুদ্ধে। তবে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন পার্টে।
গত বছরের জুলাইয়ে আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই চারজন ভিন্ন ভিন্ন নারীর অভিযোগের ভিত্তি পার্টের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। আগস্টে জামিন পেলে তাঁকে দলে ভেরায় ভিয়ারেয়াল।
বিতর্ক বা অভিযোগ উঠলেও ঘানার বিশ্বকাপ বাছাইপর্বের পুরো সময় জাতীয় দলের হয়ে খেলেছেন পার্টে। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৫৮ ম্যাচ খেলেছেন তিনি।
পার্টে সুযোগ পেলেও চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি মোহাম্মেদ কুদুসের। জানুয়ারিতে ঊরুর চোটে পড়া টটেনহাম তারকা বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ফেরার কথা থাকলেও পুনর্বাসন প্রক্রিয়ায় ফের জটিলতা দেখা দেয়। এতে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা জাগে। শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গাই হলো না ঘানার জার্সিতে ৪৬ ম্যাচে ১৩ গোল করা কুদুসের।
উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপে এল গ্রুপে আছে ঘানা। ওই গ্রুপে সঙ্গী হিসেবে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামাকে পেয়েছে দলটি।
ঘানার বিশ্বকাপ দল:
গোলকিপার: বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আনং, সলোমন আগবাসি, পল রিভারসন।
ডিফেন্ডার: বাবা রহমান, গিদিয়ন মেনসাহ, মারভিন সেনায়া, আলিডু সাইডু, আবদুল মুমিন, জেরোম ওপোকু, জোনাস আদজেতেই, কোজো ওপং পেপ্রাহ, আলেকজান্ডার জিকু, এলিশা ওয়াসু।
মিডফিল্ডার: থমাস পার্টে, কোয়াসি সিবো, অগাস্টিন বোয়াকে, ক্যালেব ইয়েরেঙ্কি, আবদুল ফাতাউ ইসাহাকু।
ফরোয়ার্ড: কামালদিন সুলেমানা, ক্রিস্টোফার বোনসু বাহ, আর্নেস্ট নুয়ামাহ, অ্যান্টোইন সেমেনিও, ব্র্যান্ডন থমাস-আসানতে, প্রিন্স কোয়াবেনা আদু, ইনাকি উইলিয়ামস, জর্ডান আইয়ু। ফরোয়ার্ড:কামাল দীন সুলেমানা, ক্রিস্টোফার বোনসু বাহ, আর্নেস্ট নুয়ামাহ, অ্যান্টোইন সেমেনিও, ব্র্যান্ডন থমাস-আসানতে, প্রিন্স কোয়াবেনা আদু, ইনাকি উইলিয়ামস, জর্ডান আইয়ু।