চোটের কারণে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতে নেইমার খেলতে পারবেন না, সেটা আগেই জানা গিয়েছিল। তবে নেইমারকে ছাড়াও খুব বেশি সমস্যা হয়নি সেলেসাওদের।
বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে কার্লো আনচেলত্তির দল। ব্রাজিলের হয়ে গোল ছয়টি করেছেন ভিন্ন ছয় ফুটবলার- ভিনিসিয়ুস, কাসেমিরো, রায়ান, পাকুয়েতা, তিয়াগো ও দানিলো।
গতকাল রোববার রাতে রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি এ ম্যাচে পানামাকে বলতে গেলে পাত্তাই দেয়নি ব্রাজিল। তবে এরপরও সেলেসাওদের প্রথমার্ধের খেলা নিয়ে সমর্থকদের মনে সংশয় থাকতে পারে। এ সময় দলকে ৪-২-৩-১ কৌশলে খেলান আনচেলত্তি।
ম্যাচে ব্রাজিল অবশ্য প্রথম গোলের দেখা পেয়েছে এক মিনিট যেতে না যেতেই। বক্সের বাইরে থেকে নেওয়া ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক শট পানামার জালে জড়ায়।
সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৪ মিনিটে আমির মুরিলোর ফ্রি-কিক মাতেউস কুনিয়ার গায়ে লেগে ব্রাজিলের জালে জড়ায়। ম্যাচের স্কোরলাইন তখন ১-১। তবে বিরতির আগেই আবার এগিয়ে যায় ব্রাজিল। এবার ভিনিসিয়ুসের ক্রসে স্কোরশিটে নাম লেখান কাসেমিরো।
বিরতির পর এক সঙ্গে ১০টি পরিবর্তন আনেন আনচেলত্তি। ডিফেন্ডার লিও পেরেইরা বাদে সবাইকে বদলি করেন ব্রাজিল কোচ। একইসঙ্গে ফর্মেশন বদলে ৪-৩-৩ কৌশলে খেলতে থাকে সেলেসাওরা। এর ফলও পেয়ে যায় দ্রুতই। দ্বিতীয়ার্ধে চারবার গোল উৎসব করে ব্রাজিল। একে একে গোলের খাতায় নাম লেখান রায়ান, পাকুয়েতা, তিয়াগো ও দানিলো।
অন্যদিকে নির্ধারিত সময়ের ৬ মিনিট আগে পানামার হয়ে আরেকটি গোল শোধ করেন হার্ভে। এতেও ৬-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৪-৩-৩ কৌশলে ব্রাজিল তুলনামূলক ভালো খেলেছে। তবে কি বিশ্বকাপেও ব্রাজিলকে এই ফর্মেশনে খেলতে দেখা যাবে? এই প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘বিশ্বকাপের আগপর্যন্ত আমি কিছুটা রহস্য বজায় রাখতে চাই। কারণ, তা না হলে আমাদের কথা বলার মতো কিছু থাকবে না। এটি আপনাদের সবার (সাংবাদিকদের) জন্য সহায়ক হবে; কারণ, নেইমারের (দলে জায়গা পাওয়ার) বিষয়টি তো শেষ হয়ে গেছে। আমাদের যা করতে হবে, তা হলো কথা বলার মতো একটা ভালো বিষয় তৈরি করা, যাতে মানুষ উৎসুক হয়ে থাকে।’
চোটের কারণে এ ম্যাচের স্কোয়াডে না থাকলেও ম্যাচের আগে ও পরে মাঠে নেমেছিলেন নেইমার। এ সময় পুরো মারাকানার দর্শক দাঁড়িয়ে করতালির মাধ্যমে স্বাগত জানায় ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে।
উল্লেখ্য, বিশ্বকাপ মিশন শুরু করার আগে আগামী রোববার ভোরে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মিসরের মুখোমুখি হবে ব্রাজিল।