হাইতির বিপক্ষে কোন একাদশ নিয়ে খেলতে নামছে ব্রাজিল

বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা মোটেও ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করা সেলেসাওরা আগামীকাল সকাল সাড়ে ৬টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবে। এ ম্যাচে ব্রাজিল যে ঘুরে দাঁড়াতে মরিয়া, সেটা বোধহয় না বললেও চলে।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে শুরুর একাদশে পরিবর্তন আনতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো ইস্পোর্ত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। মরক্কো ম্যাচের একাদশ থেকে দুই বা তিনটি পরিবর্তন আনতে পারেন আনচেলত্তি।

গ্লোবোর প্রতিবেদন অনুসারে, ব্রাজিলের শুরুর একাদশে ঢুকতে পারেন মাতেউস কুনিয়া ও দানিলো। ইবানেজের জায়গায় দানিলো ও ইগর থিয়াগোর জায়গা খেলতে পারেন কুনিয়া। এর বাইরে মধ্যমাঠ নিয়েও কিছুটা অনিশ্চয়তা আছে। লুকাস পাকেতা ও দানিলো সান্তোসের মধ্যে মিডফিল্ডে শুরুর একাদশে কে খেলবেন, সেটা এখনো চূড়ান্ত হয়নি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মরক্কোর বিপক্ষে হোঁচটের পর অনুশীলনে বিভিন্ন ফর্মেশন পরীক্ষা-নিরীক্ষা করেছেন আনচেলত্তি। একই সঙ্গে খেলোয়াড়দের সঙ্গে আলাদাভাবে কথা বলেও তাঁর পরিকল্পনা জানিয়েছেন।

আগামীকালের ম্যাচের একাদশ প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘আমি নিশ্চিত বলতে পারছি না, (পাকেতা শুরুর একাদশে থাকবে কি না)। পাকেতা মানসম্পন্ন খেলোয়াড়, ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা আছে ওর। তবে মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে সেটা দেখা যায়নি। তবে ওকে আরও সুযোগ দিতে হবে। (মরক্কো ম্যাচে) প্রথমার্ধে কেউই তাদের সেরা পারফরম্যান্স দেখাতে পারেনি।’

নিউজার্সিতে অনুশীলনে বেশিরভাগ সময় ৪-২-৪ ফর্মেশনে কাজ করলেও আগামীকালের ম্যাচে ব্রাজিলকে ৪-৩-৩ ফর্মেশনে খেলতে দেখা যেতে পারে। এতে মিডফিল্ড তুলনামূলক শক্তিশালী হবে। এই ফর্মেশনে খেললে রাইট উইংয়ে রাফিনিয়া, লেফট উইংয়ে ভিনিসিয়ুস ও স্ট্রাইকার হিসেবে থাকবেন কুনিয়া।

 

হাইতি ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

আলিসন, দানিলো, মারকিনিওস, গাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা অথবা দানিলো সান্তোস, রাফিনিয়া, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।