আধুনিক যুগে এসে অনেকেই হয়ত কালা জাদুতে বিশ্বাস করবেন না। তবে বিশ্বকাপে গতকাল ঘানা ও ইংল্যান্ডের ম্যাচের পর আলোচনায় ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু। শক্তিশালী থ্রি লায়ন্সদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ঘানা, যা তাদের জয়েরই সমান বলা চলে।
অন্তত শেষ বাঁশি বাজার পর ঘানার ফুটবলারদের উদযাপন তা-ই বলে। ইংলিশদের এমন পারফর্যমান্সের পর আলোচনায় ঘানার স্বঘোষিত ওঝা নানা কওয়াকু বোনসাম।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ঘানার এই ওঝা (উইচ ডক্টর) দাবি করেছিলেন যে তিনি ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচের আগে হ্যারি কেইনের ওপর অভিশাপ দিয়েছেন। বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড অধিনায়কের হতাশাজনক পারফরম্যান্সের পর সেই দাবিটি অনেকের কাছেই অদ্ভুতভাবে সত্য বলে মনে হয়েছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ইংল্যান্ড যখন বেশ আত্মবিশ্বাসী, তখন ঘানার বিপক্ষে অপ্রত্যাশিত ড্র। পুরো ম্যাচে ১৯টি শট নিলেও একটিও গোল করতে পারেনি ইংলিশরা।
ম্যাচের শেষ দিকে নিকো ও'রাইলির হেড বারপোস্টে লেগে কেইনের সামনে চলে এলে গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি। ইংল্যান্ড অধিনায়ক বাঁ পায়ে বলটি বারের অনেক ওপর দিয়ে মারেন, যা বোস্টন স্টেডিয়ামে উপস্থিত সবাইকে রীতিমত অবাক করেছে।
কেইনের মতো একজন নির্ভরযোগ্য ফরোয়ার্ডের এমন অস্বাভাবিক মিসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত মজা করে বলতে শুরু করেন যে, হয়তো সত্যিই ওঝার অভিশাপ কাজ করেছে।
২০১৪ বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর হাঁটুর চোটের জন্যও ঘানার সেই ওঝা নিজেকে দায়ী বলে দাবি করেন। কালা জাদুর ব্যাপারে ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে বোনসাম ম্যাচের আগে বলেন, ‘আমি হ্যারি কেইনের ওপর কাজ করছি। আমি কী করতে সক্ষম তা আগেই দেখিয়েছি, তাই জানি তাকে থামাতে কী করতে হবে। আমার ভবিষ্যদ্বাণীগুলো খুবই বিখ্যাত।’
ঘানার এই ওঝা ম্যাচের আগেই জানিয়েছিলেন কেইন তার দেশের বিপক্ষে ভালো খেলবেন না। এই ব্যাপারে ডেইলি স্টারকে বোনসাম বলেন, ‘আমি তার গুরুতর চোট চাই না। শুধু এতটুকুই চাই যে সে যেন আমার দেশের বিপক্ষে ভালো খেলতে না পারে। আমি আমার কাজ করব, যাতে তা ঘানাকে সাহায্য করে।’
এই অভিশাপের খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববিখ্যাত মানসিক শক্তিবিদ ও জাদুকর ইউরি গেলার প্রতিশ্রুতি দেন যে তিনি কেইনকে যেকোনো নেতিবাচক জাদু বা আধ্যাত্মিক প্রভাব থেকে রক্ষা করবেন।
ঘানার ওঝা অভিশাপ নিয়ে ডেইলি স্টারকে বলেন, ‘আমি এটা বাতিল করে দেব, আমি সেটা পারি। ম্যাচের আগে আমি ভাইব্রেশন (কম্পন) পাঠাব। আমার সব শক্তি, সব জ্ঞান এবং সব ক্ষমতা ব্যবহার করব যাতে নেতিবাচক শক্তি(ঘানাকে হারাতে) হ্যারি কেইনের ওপর প্রভাব ফেলতে না পারে।’
অবশ্য ইংলিশ ফ্যানদের জন্য ভালো সংবাদ দিয়েছেন বোনসোম। ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে কেইনকে মুক্তি দেওয়ার কথা জানিয়ে নানা কওয়াকু বোনসাম বলেন, ‘আমি এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক ব্যক্তি। আমি এখন হ্যারি কেইনকে মুক্ত করে দিচ্ছি, যাতে সে পরের ম্যাচে গোল করতে পারে।’