গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে হেক্সা জয়ের লক্ষ্যে বিশ্বকাপে আসা ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে শুরুটা ভালো হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় ফেরে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
শেষ ম্যাচে জয় পেলে বা ড্র করলেও রাউন্ড অব ৩২’র টিকিট পেয়ে যাবে তাঁরা। আর হেরে গেলে মরক্কো-হাইতি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে ভিনিসিয়ুস জুনিয়রদের।
স্কটল্যান্ড ম্যাচ দিয়েই ইনজুরি থেকে ফিরছেন দলের তারকা ফুটবলার নেইমার। তাঁর ফেরার বিষয়টি হাইতি ম্যাচের পরই জানিয়ে দেন কোচ আনচেলত্তি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে নেইমারের থাকার সম্ভাবনা কমই। বরং ম্যাচের অবস্থা বুঝে দ্বিতীয়ার্ধে তাঁকে খেলাতে পারেন কোচ।
হাইতির বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন উইঙ্গার রাফিনিয়া। তিনি এখনও সুস্থ হয়ে উঠেননি, ফলে স্কটল্যান্ডের বিপক্ষে তিনি থাকছেন না। তাঁর পরিবর্তে একাদশে খেলার সম্ভাবনা ইংলিশ ক্লাব বোর্নমাউথের স্ট্রাইকার রায়ানের।
এই একটি ছাড়া ব্রাজিলের একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভবনা কমই। অন্তত এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো।
স্কটল্যান্ডের বিপক্ষে একটি হলুদ কার্ড পেলেই এক ম্যাচ নিষেধাজ্ঞার কবলে পড়বেন মিডফিল্ডার কাসেমিরো ও লেফটব্যাক ডগলাস সান্তোস। কিন্তু তা সত্ত্বেও ম্যাচের গুরুত্ব বিবেচনায় তাঁদেরকে মূল একাদশেই রাখার ইঙ্গিত দিয়েছেন কোচ আনচেলত্তি।
গ্লোবোর তথ্য অনুযায়ী স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
গোলকিপার: আলিসন;
ডিফেন্ডার: দানিলো, মারকুইনোস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস;
মিডফিল্ডার: ব্রুনো গিমারেস, কাসেমিরো; লুকাস পাকেতা;
অ্যাটাক: রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র