৬০ কোটিতে বিক্রি হলো পেলের জার্সি, এরপরও মারাদোনার পেছনে

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল নিজেদের প্রথম বিশ্বকাপ জেতে ১৯৫৮ সালে। পেলের হাত ধরে প্রথমবার সোনালি ট্রফির ছোঁয়া পায় সেলেসাওরা। ওই বিশ্বকাপের ফাইনালে পেলে যে জার্সি গায়ে খেলেছিলেন, সেটি নিউইয়র্কের এক নিলামে প্রায় ৩৬ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে, বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকা।

তবে এত দামে বিক্রি হওয়ার পরও সর্বোচ্চ দামের রেকর্ড ভাঙতে পারেনি পেলের জার্সি। থাকতে হয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনার পেছনে।

১৯৮৬ বিশ্বকাপে মারাদোনা ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ গোল করেছিলেন যে জার্সি পরে, ২০২২ সালের এক নিলামে সেই জার্সি বিক্রি হয়েছিল ৭১ লাখ পাউন্ডে। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ১১৮ কোটি টাকারও বেশি।

চার বছর পর পেলের জার্সির দাম উঠল মারাদোনার জার্সির দামের অর্ধেক! তবে মজার বিষয়, ২০০৪ সালে পেলের এই জার্সিটি আরেক নিলামে বিক্রি হয়েছিল মোটে ১ লাখ ৫৬০০ ডলারে (১ কোটি ৭৫ লাখ টাকা)।