বয়স ৫৯ বছর পেরিয়ে গেছে। যে বয়সে অনেকে কোচিং ক্যারিয়ারেরও ইতি টানার কথা ভাবেন, সেই বয়সে কি না পেশাদার ফুটবল চালিয়ে যাচ্ছেন কাজুয়োশি মিউরা। সক্রিয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটা তাঁর নামের পাশে উঠেছে আগেই।
সেই কাজুয়োশি নতুন করে আলোচনায় এসেছেন ৫৯ বছর বয়সে গোল করে। এম্পেরর’স কাপের ম্যাচে ইওয়াকি ফুরুগাওয়ার বিপক্ষে গোল করেন ফুকুশিমা ইউনাইটেডে খেলা কাজুয়োশি। এই গোলের মধ্য দিয়ে পেশাদার ফুটবলে প্রায় ৪ বছর পর গোলের দেখা পেলেন জাপানের ফুটবল কিংবদন্তি।
‘কিং কাজু’ নামে পরিচিত কাজুয়োশি ম্যাচের ৫২ মিনিটে গোলটি করেন। ততক্ষণে ফুকুশিমা এগিয়ে ছিল ৫-০ ব্যবধানে। বক্সের দিকে নিজের চিরচেনা গতিতে ছুটে গিয়ে সতীর্থের কাটব্যাক থেকে প্রথম স্পর্শেই নিখুঁত ফিনিশিং করেন তিনি। শেষ পর্যন্ত তাঁর দল জয় পেয়েছে ৭-০ ব্যবধানে।
কাজুয়োশির গোলের পর মাঠে থাকা সতীর্থ ও বেঞ্চের খেলোয়াড়রা উচ্ছ্বাসে মেতে ওঠেন। ২০২২ সালের নভেম্বরের পর প্রতিযোগিতামূলক ফুটবলে এই প্রথম গোল করলেন তিনি। তবে এর তিন মিনিট পরই অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে বদলি করা হয়।
জাপানের জার্সিতে ৮৯ ম্যাচে ৫৫ গোল করার কাজুয়াশি পেশাদার ফুটবলে নিজের ৪২তম মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি জাপানের তৃতীয় স্তরের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের সঙ্গে তার ধারের চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে পেশাদার ফুটবলে খেলতে খেলতেই ৬০ বছরে পা দেবেন মিউরা। এর মাধ্যমে ফুটবল ইতিহাসের অন্যতম দীর্ঘ ক্যারিয়ারে যোগ হবে আরও একটি ‘অবিশ্বাস্য অধ্যায়’।