আর্জেন্টিনা দলে মেসির জায়গায় কে? দিবালা, নিকো পাস নাকি অন্য কেউ

এবার কি তবে কপাল খুলছে পাওলো দিবালার? নাকি আর্জেন্টিনার পরবর্তী মেসি হবেন নিকো পাস? কিংবা অভিজ্ঞ ম্যাক-অ্যালিস্টার, এনসো ফের্নান্দেস, লাওতারো মার্তিনেসের মধ্যেই কেউ পাবেন গুরু দায়িত্ব? কাকে ভরসা করবে আর্জেন্টিনা?

গত সোমবার আচমকাই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দেন মেসি। সেই ঘোষণায় যখন গোটা ফুটবল বিশ্বই শূন্যতা অনুভব করছে, তখনই আর্জেন্টিনার ড্রেসিংরুমে প্রশ্নটা উঠছে জোরোসোরে— মারাডোনা থেকে মেসির বহন করা সেই ঐতিহাসিক, মহিমান্বিত ১০ নম্বর জার্সিটি এখন কার গায়ে উঠবে?

 আর্জেন্টিনার হয়ে মেসির অভিষেকটা ২০০৫ সালে হলেও প্রথমবার ১০ নম্বর জার্সি গায়ে জড়ান ২০০৯ সালের ২৮ মার্চ। এরপর কেটে গেছে ১৭ বছর। এ সময়ে জাতীয় দলের হয়ে খেলা মেসির ১৭২টি ম্যাচে ফুটবল বিশ্ব দেখেছে, কীভাবে একটা জার্সি হয়ে ওঠে একটা জাতির আবেগ, আশা আর ভালোবাসার মহাকাব্য।

লিওনেল মেসি বিদায় নিয়েছেন। থেমে গেছে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। মেসির এ বিদায়ে কপাল খুলছে কার? পাওলো দিবালা, নিকো পাস, ম্যাক অ্যালিস্টার, এনসো ফের্নান্দেস, লাওতারো মার্তিনেস নাকি অন্য কারো?

তালিকাটা ছোট নয়! ১০ নম্বর জার্সির জোরালো দাবিদার লাওতারো মার্তিনেস। ইতালিয়ান সেরি-আর ক্লাব ইন্তের মিলানকে নেতৃত্ব দেন, ক্লাবের ১০ নম্বর জার্সিটাও পরেন তিনিই। গোল করার অবিশ্বাস্য ক্ষমতা আর নেতৃত্বের গুণাবলি তাঁকেও রাখে দৌড়ে। কিন্তু জাতীয় দলের ১০ নম্বর কি আবারও কোনো প্রথাগত ফরোয়ার্ডের গায়ে উঠবে? নাকি সুযোগ পাবেন লিভারপুলের মাঝমাঠের জেনারেল অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার? ইতোমধ্যে জাতীয় দলের হয়ে ৫০-টির বেশি ম্যাচ খেলে ফেলা ম্যাক অ্যালিস্টার কিন্তু স্কালোনির ব্লু-প্রিন্টের অন্যতম সেরা কারিগর।

চমকে দিতে পারেন আরেক মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। মাত্র পঁচিশ বছর বয়সেই স্কালোনির মাঝমাঠের অন্যতম ভরসা। সম্প্রতি চেলসি ছেড়ে ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন। যদিও জাতীয় দলের হয়ে এখনো ১০ নম্বর জার্সি পরা হয়নি এনসোর, এরপরও তাঁকে বাদ দেওয়া যাচ্ছে না হিসাব থেকে।

তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন সিদ্ধান্ত। যদি ২০৩০ সাল পর্যন্ত লিওনেল স্কালোনি কোচের দায়িত্বে থাকেন, তবে এই জার্সির আসল দাবিদার হতে পারেন তরুণ বিস্ময় নিকো পাস!

বয়স মোটে ২১ বছর। কোমো-র হয়ে ক্লাব ফুটবলে ইতিমধ্যেই নজর কেড়েছেন। ১৩ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন ৭টি। ক্লাব কোমোতে তিনি নিজেই পরেন ১০ নম্বর জার্সি, আর এবারের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দলকে তুলেছেন নিজের পারফরম্যান্সের জোরে।  বয়স কম হলেও স্কালোনির ভবিষ্যৎ প্রজেক্টের কেন্দ্রে রয়েছেন এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার।

তবে কি ম্যাক অ্যালিস্টার বা এনসোর অভিজ্ঞতাকে পেছনে ফেলে ২১ বছরের এক তরুণের কাঁধেই উঠবে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী জার্সির ভার? নাকি শেষ মুহূর্তে মেসিবিহীন সময়ে শেষবার ১০ নম্বর পরা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো কিংবা থিয়াগো আলমাদার মতো কেউ কেড়ে নেবেন আলো?

শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন কোচ লিওনেল স্কালোনি। আসছে সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতেই হয়তো মিলবে সেই উত্তরের প্রথম ইঙ্গিত।