লাওস ও ব্রুনেইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ। তবে এটি ডিভিশন-২ বা চ্যালেঞ্জ ডিভিশনের ম্যাচ। আর ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধন হবে আগামীকাল শুক্রবার। সেই অংশের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল বিকেল ৩টায় মালয়েশিয়ার মুখোমুখি হবেন হামজা চৌধুরী-শমিত সোম-জামাল ভূঁইয়ারা।
এটা আগে থেকেই নির্ধারিত যে, প্রথমবারের মতো আয়োজিত ১৪ দলের ফিফা আসিয়ান কাপ দুটি ডিভিশনে হবে। এর মধ্যে বাংলাদেশসহ ৮টি দল আছে ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনে। এই ৮ দল দুটি গ্রুপে ভাগ হয়ে নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। সেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া।
আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১ অক্টোবর গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবেন থমাস ডুলির শিষ্যরা। প্রথম দুটি ম্যাচ বিকেল ৩টায় শুরু হলেও শেষ ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায়।
আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ | |||
ম্যাচ | তারিখ | ভেন্যু | ম্যাচ শুরুর সময় |
বাংলাদেশ-মালয়েশিয়া | ২৫ সেপ্টেম্বর | গেলোরা বুং কার্নো স্টেডিয়াম | বেলা ৩টা |
বাংলাদেশ-সিঙ্গাপুর | ২৮ সেপ্টেম্বর | গেলোরা বুং কার্নো স্টেডিয়াম | বেলা ৩টা |
বাংলাদেশ-ইন্দোনেশিয়া | ১ অক্টোবর | গেলোরা বুং কার্নো স্টেডিয়াম | সন্ধ্যা ৬.৩০ মিনিট |
এবারের আসিয়ান কাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে দেশীয় সম্প্রচারমাধ্যম টি-স্পোর্টসে। এছাড়া অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতেও নির্ধারিত সাবস্ক্রিপশনের বিনিময়ে ম্যাচ দেখা যাবে।