সাফ শুরুর আগ মুহূর্তে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। চোটের কারণে সাফ চ্যাম্পিয়নশিপে খেলা হবে না রোনান সুলিভানের। ফলে জাতীয় দলের মূল দলে অভিষেকের অপেক্ষা বাড়ল তাঁর।
এর আগে গত ২৪ অক্টোবর রোনান সুলিভানকেসহ ২৮ সদস্যের দল ঘোষণা করেছিলেন থমাস ডুলি। কিন্তু প্রথমবার জাতীয় দলে ডাক পেলেও অভিষেক এখনই হচ্ছে না যুক্তরাষ্ট্র প্রবাসী এ ফুটবলারের।
জাতীয় দল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চোটের কারণে সাফের দল থেকে ছিটকে গেছেন রোনান সুলিভান। তাঁর শূন্যতা কীভাবে পূরণ করববেন, সেটা নিয়ে এখন ভাবতে হবে ডুলিকে।
জাতীয় দলে এবারই প্রথম ডাক পেলেও এর আগে অনূর্ধ্ব-২০ দলের জয়ে খেলেছেন রোনান। সর্বশেষ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার মূল দলে ডাক পেয়েছিলেন।
সূত্র জানিয়েছে, শুরুতে কলেজের কোচের কাছ থেকে ছুটি না পাওয়ায় নভেম্বরের প্রথম ভাগে বাংলাদেশে আসা অনিশ্চিত ছিল রোনানের। পরে অবশ্য ছুটি পাওয়ার বিষয়টি জানিয়েছিলেন ফেডারেশনকে। সেই অনুসারে ৩ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশে থাকার কথা ছিল রোনানের। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরাতে তাঁর জন্য ১ নভেম্বর রাতের ফ্লাইটও বুক করেছিল বাফুফে। কিন্তু সেই টিকিট শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে।