ইংল্যান্ড জাতীয় দলের অন্যতম ভরসা তিনি। খেলেন রেয়াল মাদ্রিদের মতো শীর্ষ ক্লাবে। মিডফিল্ডার হলেও সমানতালে আক্রমণেও উঠে যান। গোল করানোর পাশাপাশি নিজেও গোল করেন। ২৩ বছর বয়সী জুড বেলিংহাম বর্তমান সময়ের ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা।
কিন্তু বেলিংহামের বাবা মার্ক বেলিংহামও যে ফুটবলে কম যান না, সেটাই যেন প্রমাণ করেছেন। ইংল্যান্ডের ৫০ বছর বা তাঁর বেশি বয়সের সাবেক ফুটবলারদের দলের হয়ে অভিষেক ম্যাচে একাই ৭ গোল করেছেন তিনি। মার্ক বেলিংহামের এমন দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে পঞ্চাশোর্ধ্ব ফুটবলারদের ম্যাচে আয়ারল্যান্ডকে ১৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।
গত শনিবার কেমব্রিজশায়ারে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মার্ক বেলিংহাম খেলেন ইংল্যান্ডের আক্রমণভাগে। ম্যাচের প্রথমার্ধেই ছয় গোল করেন তিনি। বিরতির পর আরও একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করান আরেকটি গোল। তাতেই ১৩-১ ব্যবধানের বড় জয় পায় ইংল্যান্ড।
ইংল্যান্ডের জাতীয় (পঞ্চাশোর্ধ্ব) দলের হয়ে এটাই ছিল মার্কের প্রথম ম্যাচ। ৫০ বছর বয়সে প্রথমবারের মতো ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছেন তিনি। দীর্ঘ ১৭ বছরের অপেশাদার ফুটবল ক্যারিয়ারে ২২টি ক্লাবে খেলেছেন মার্ক। এর মধ্যে আছে লিমিংটন ও ব্রোমসগ্রোভ স্পোর্টিং। নব্বইয়ের দশকের শেষ দিকে খেলেছেন চেলটেনহাম টাউন ও নিউপোর্ট কাউন্টির হয়েও।
২০১৯ সালে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন মার্ক। তবে সাবেক ফুটবলারদের বিভিন্ন টুর্নামেন্টে খেলা চালিয়ে গেছেন। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নেন তিনি। আর ফিরেই দেখালেন নিজের সামর্থ্য।
অবশ্য গত সপ্তাহান্তটা বেলিংহাম পরিবারের জন্য ছিল স্মরণীয়। এর আগে রেয়াল মাদ্রিদের হয়ে রেসিং সান্তান্দারের বিপক্ষে ৩-০ গোলের জয়ে নিজের ৫০তম গোল করেছেন ছেলে জুড বেলিংহাম। অন্যদিকে ছোট ছেলে জোবে বেলিংহামও বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।