৮ জনের দল, পা দিয়ে ‘কিক-ইন’— বদলে যাচ্ছে ফুটবলের নিয়ম?

তরুণ ফুটবলাররা যাতে মাঠে বলের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারে, সেজন্য বেশ কিছু নতুন নিয়ম পরীক্ষা করছে ফিফা। সম্প্রতি শেষ হওয়া ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভালে প্রচলিত নিয়মের পরিবর্তন এনে পরীক্ষামূলকভাবে মাঠে সেসবের প্রয়োগ দেখা গেছে।

নতুন নিয়মে ১১ জনের পরিবর্তে এক দলে আটজন করে ফুটবলার, থ্রো ইনের বদলে কিক-ইন সহ আরও বেশ কয়েকটি পরিবর্তন পরীক্ষামূলকভাবে যাচাই করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

নতুন নিয়মের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পরিবর্তন হলো:

ম্যাচের ধরন: দুই দলের হয়ে ৮ জন করে খেলোয়াড় মাঠে নামবেন। ম্যাচ হবে ২০ মিনিটের দুই অর্ধে।

বদলিতে বাধা নেই: ম্যাচে যতবার ইচ্ছা খেলোয়াড় পরিবর্তন করা যাবে।

থ্রো-ইনের বদলে কিক-ইন: বল মাঠের বাইরে গেলে হাত দিয়ে থ্রো-ইন করার পরিবর্তে পা দিয়ে বল মাঠে ফেরাতে হবে।

অফসাইডের নিয়মে পরিবর্তন: গোললাইন থেকে ১৪ মিটার দূরে বিশেষভাবে চিহ্নিত রেখার পর থেকে কেবল অফসাইডের নিয়ম কার্যকর হবে।

ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গার বলেন, ‘এই বয়সে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলা। কোনো খেলাকে ভালোবাসলে নিজের সামর্থ্য কতটা, সেটাও জানতে ইচ্ছা করে।’

উল্লেখযোগ্য বিষয় হলো, এসব নিয়ম শুধু ছোটদের ফুটবলে বা বয়সভিত্তিক পর্যায়েই পরীক্ষা-নিরীক্ষা করছে ফিফা। সিনিয়র ফুটবলে এসব পরিবর্তন আসবে কি না, সেটা নিয়ে কিছু জানায়নি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।