ভুটানের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে নামছে বাংলাদেশ

ঘরের মাঠের আয়োজনে ২০০৩ সালের সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশে আরও দুবার সাফ আয়োজিত হলেও ট্রফি আর ছোঁয়া হয়নি বাংলাদেশের। অপেক্ষার প্রহর বড় হতে হতে ২৩ বছরে পৌঁছেছে। ২০১৮ সালের পর আবারও বাংলাদেশেই ফিরেছে সাফ আয়োজন। এবার শিরোপা খরা কাটানোর অপেক্ষা।

বাংলাদেশের সেই অপেক্ষা পূরণের মিশন শুরু হচ্ছে আজ থেকে। জাতীয় স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় ভুটানের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন জামাল ভূঁইয়া, সাদ উদ্দীন, ফয়সাল আহমেদের মতো তারকারা।

স্কোয়াডে তিন গোলকিপার থাকলেও গোলপোস্টের নিচে কে দাঁড়াবেন, সেটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত থমাস ডুলি আস্থা রেখেছেন মেহেদী হাসান শ্রাবণের ওপর।

ডিফেন্সে জিদান ইউসুফ, তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ছাড়াও আছেন সাদ উদ্দীন। আক্রমণভাগে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমের সঙ্গে নাম্বার নাইন হিসেবে ডুলির একাদশে জায়গা পেয়েছেন বিশ্বনাথ ঘোষ। ডিফেন্স ও আক্রমণভাগের সমন্বয় করবেন জামাল ভূঁইয়া ও শমিত সোম।

 

ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশ:

মেহেদী হাসান শ্রাবণ, জিদান ইউসুফ, তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দীন, জামাল ভূঁইয়া, শমিত সোম, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম ও বিশ্বনাথ ঘোষ।