শ্রীলঙ্কা কোচের ক্ষোভ

‘ভারত-বাংলাদেশকে ফাইনালে নিতে চাইলে অন্যদের ডাকবেন না’

সাফে গতকাল রোববার নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। এই এক ম্যাচে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হতো লঙ্কানদের। কিন্তু এক পর্যায়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুদলকে। এতে সেমিফাইনালের পথ কঠিন হয়েছে লঙ্কানদের। শেষ চারের টিকিট পেতে নিজেদের পরের ম্যাচে বাংলাদেশের সঙ্গে অন্তত ড্র করতে হবে দলটিকে।

তাই গতকাল ম্যাচের ফল যেন মানতে পারছেন না শ্রীলঙ্কান কোচ আবদুল্লাহ আল মুতাইরি। ম্যাচ শেষে সাফের রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এক পর্যায়ে মুতাইরি জানান, এভাবে টুর্নামেন্ট আয়োজন করলে যেন তাদের না ডাকা হয়। তিনি অভিযোগ করেন, সাফে আয়োজক বাংলাদেশ ও ভারতকে সুবিধা দেওয়া হচ্ছে।

ম্যাচ শেষে শ্রীলঙ্কা কোচ বলেন, ‘যদি বাণিজ্যিক স্বার্থে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চান, তাহলে শুধু এই দুই দলকে নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন করুন। অন্য দলগুলোকে প্লে-অফ খেলতে বলুন, অন্য কোনো সময়ে খেলতে বলুন। আমাদের সময় নষ্ট করবেন না।’

রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুতাইরি আরও বলেন, ‘আমার মতে, আজ ভুটানই ভালো খেলেছে। তারা আমাদের বক্সে সাতবার ঢুকেছে। চোট পাওয়া কয়েকজন খেলোয়াড় নিয়েও আমরা ৯০ মিনিট পর্যন্ত লড়াই করেছি। দলের পারফরম্যান্সে আমি খুব গর্বিত। কিন্তু রেফারির কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন।’

কী সেই ভুল, সেটা জানাতে গিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গ টানেন শ্রীলঙ্কা কোচ, ‘ভুটানের বিপক্ষেই যদি এত রেফারিং ভুল হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে আমাদের কী হবে? সাফের কাছে এটাই আমার প্রশ্ন।’

শ্রীলঙ্কা কোচের অভিযোগ, তাঁর দলের ১৭ নম্বর খেলোয়াড়কে বক্সের সামনে ছয়বার আঘাত করা হলেও রেফারি কোনো ব্যবস্থা নেননি। অন্যদিকে শ্রীলঙ্কা বল কেড়ে পাল্টা আক্রমণ করতে গেলেই ভুটানের পক্ষে ফাউলের বাঁশি বাজিয়েছেন রেফারি।

সেখানেই শেষ নয়, পেনাল্টি ও অফসাইডের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শ্রীলঙ্কা কোচ দাবি করেছেন, ম্যাচে অন্তত একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল তাঁর দলের। অন্যদিকে ভিএআর থাকলে ভুটানের দ্বিতীয় গোলটি অফসাইডে বাতিল হতে পারত, ‘সুজন (শ্রীলঙ্কা গোলকিপার) একটি পেনাল্টি ঠেকিয়েছে। আমার মনে হয়েছে, সেটি পেনাল্টিই ছিল না। আবার আমাদেরও একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল; কিন্তু দেওয়া হয়নি। গ্রুপ পর্বে ভিএআর থাকলে আমার বিশ্বাস, ভুটানের দ্বিতীয় গোলটি অফসাইড হিসেবে বাতিল হতো।’

এ ধরনের বিতর্ক এড়াতে টুর্নামেন্টে ভিএআর রাখার দাবি জানিয়েছেন শ্রীলঙ্কা কোচ, ‘এএফসি বা ফিফার সেরা রেফারি আনা সম্ভব না হলে অন্তত ভিএআর রাখুন। শুধু সেমিফাইনাল ও ফাইনালে কেন ভিএআর থাকবে? খরচের কারণে? আয়োজন করার সামর্থ্য না থাকলে প্রতিযোগিতা আয়োজনের দরকার কী? আমাদের অন্তত একটি পেনাল্টি দেওয়া উচিত ছিল। সেটা থেকে গোল করতে পারি বা না-ও পারি। হারলেও সমস্যা ছিল না; কিন্তু আমরা ন্যায্য বিচার চাই।’

শুধু এই ম্যাচ নিয়েই নয়, সাফের আগের টুর্নামেন্টগুলোকেও টেনে এনেছেন শ্রীলঙ্কান কোচ, ‘২০২১, ২০২৩, ২০১৯, ২০১৭, ২০১৫ ও ২০১৩ সালের ঘটনাগুলো দেখুন। এটা বাংলাদেশ বা শ্রীলঙ্কার বিষয় নয়, এটা ন্যায্য খেলার বিষয়। আয়োজক দেশ যদি মালদ্বীপ হতো, তাহলে আমি ভারত-মালদ্বীপের কথা বলতাম। শ্রীলঙ্কা আয়োজক হলে বাংলাদেশের কোচ হয়তো ভারত-শ্রীলঙ্কার কথা বলতেন। আয়োজক দেশ ও ভারতের দিকে বারবার এমন ঘটনা ঘটছে, যা স্বাভাবিক নয়।’

টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে আগামী ১১ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে লড়তে ভয় পাচ্ছেন না লঙ্কান কোচ, ‘আমি শুধু একজনকেই ভয় পাই, আমার বাবাকে। তিনি ৩০ বছর আগে মারা গেছেন। আল্লাহ তাঁকে রহমত করুন। তাই আর কাউকে ভয় পাই না। ফুটবল ১১ জনের বিপক্ষে ১১ জনের খেলা। আমি কথা দিচ্ছি, শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসের সেরা ম্যাচ হবে। আমরা নিজেদের সেরাটা দেব, বাংলাদেশও দেবে।’