ফিফপ্রোর বর্ষসেরা দল

ব্যালন ডি’অর জিতলেও বর্ষসেরা একাদশে জায়গা হয়নি কেইনের, আছেন মেসি

সপ্তাহ দুয়েক আগে লন্ডনে হওয়া অনুষ্ঠানে ২০২৬ ব্যালন ডি’অর জেতেন হ্যারি কেইন। কিন্তু বায়ার্ন মিউনিখে খেলা সেই ইংলিশ স্ট্রাইকারের জায়গা হয়নি ফিফপ্রোর বর্ষসেরা একাদশে। কেইনের জায়গা না হলেও বর্ষসেরা একাদশে আছেন লামিন ইয়ামাল, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা। সেই সঙ্গে রেকর্ড ১৮তম বারের মতো ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। 

ফিফপ্রো মূলত পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি ৬০ হাজারের বেশি ফুটবলারের প্রতিনিধিত্ব করেন। এই প্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকে প্রতিবছর ছেলেদের বর্ষসেরা একাদশ নির্বাচন করে আসছে। সেই একাদশকে ‘ওয়ার্ল্ড ১১’ বলা হয়।

২০২৬ সালের ‘ওয়ার্ল্ড ১১’ নির্বাচনে ভোট দিয়েছেন ৭৩ দেশের ১৯ হাজার ৮০৬ জন ফুটবলার। সেই ফুটবলাররা আক্রমণভাগে চারজন ফরোয়ার্ড বেছে নিলেও সেখানে সুযোগ মেলেনি গত মৌসুমে ৭৩ গোল করা কেইনের। শুধু কেইনই নয়, জায়গা হয়নি কেইনের বায়ার্ন মিউনিখ সতীর্থ মাইকেল ওলিসেরও। এছাড়া ২০২৫ ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলেও জায়গা পাননি ফিফপ্রোর বর্ষসেরা একাদশে।

অবশ্য টানা দুই বছরের বিরতির পর আবারও একাদশে ফিরেছেন মেসি। তাতে রেকর্ডটা একটু বাড়িয়ে নিলেন আর্জেন্টাইন মহাতারকা। ২১ বছরের পেশাদার ক্যারিয়ারে ১৮ বছরই ফিফপ্রোর বর্ষসেরা একাদশে আছেন মেসি।

মেসির মতো একটা রেকর্ডে নাম উঠেছে লামিন ইয়ামালেরও। প্রথম ফুটবলার হিসেবে ২০ বছর পূর্ণ হওয়ার আগেই দুবার এ একাদশে জায়গা পেলেন স্প্যানিশ উইঙ্গার।

এবারের একাদশে মধ্যমাঠে বেলিংহামের সঙ্গে জায়গা পেয়েছেন রদ্রি ও ভিতিনিয়া। রক্ষণভাগে বার্সার পাউ কুবার্সির সঙ্গে আছেন পিএসজির দুই ডিফেন্ডার আশরাফ হাকিমি ও নুনো মেনদেস। আর গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন আর্সেনালের স্প্যানিশ গোলকিপার দাভিদ রায়া।