শ্রীলঙ্কার জন্য ম্যাচটা ছিল বাঁচা-মরার। টুর্নামেন্টে টিকে থাকতে বাংলাদেশের বিপক্ষে অন্তত ড্র করতে হতো লঙ্কানদের। কিন্তু সেটা করতে পারেননি আবদুল্লাহ আল মুতাইরির শিষ্যরা। গতকাল বুধবার বাংলাদেশের কাছে ৪-০ ব্যবধানে উড়ে গেছে শ্রীলঙ্কা।
এ ম্যাচের পর সংবাদ সম্মেলনে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুতাইরি। সাফের সমালোচনা করে লঙ্কান এ কোচ জানিয়েছেন, এ টুর্নামেন্টে এটাই হবে তাঁর শেষ ম্যাচ। এছাড়া মুতাইরি আরও জানিয়েছেন, কিয়ামতের দিন অভিযোগ তুলবেন তিনি।
মুতাইরি যে শুধু গতকাল ক্ষোভ প্রকাশ করেছেন, এমন নয়। এর আগে ভুটানের সঙ্গে ড্রয়ের পর তিনি দাবি করেন, সাফের সবকিছুই স্ক্রিপ্টেড। এই টুর্নামেন্টে আয়োজক বাংলাদেশ ও ভারতকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তাঁর সেই মন্তব্য পর্যালোচনা করতে সাফের ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়। গতকাল সেই প্রসঙ্গে সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন মুতাইরি। তিনি বলেন, ‘তিনি (তানজিম) আমাকে মাঝরাতে ই-মেইল পাঠিয়ে জানিয়েছেন, আমার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। কেন মাঝরাতে? সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করা যেত না?’
শ্রীলঙ্কা কোচ অভিযোগ করেন, এর আগে ২০২১ সালেও তাঁর প্রতি অন্যায় করা হয়েছিল। সেবার দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় তাঁকে ফাইনালে থাকতে দেওয়া হয়নি। মুতাইরির দাবি, টুর্নামেন্টে এমন কোনো বিধান নেই। এছাড়া ২০২৩ সাফে ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গও টানের মুতাইরি। তিনি দাবি করেন, ওই ম্যাচে ভারতের কোচ পাকিস্তানের এক খেলোয়াড়কে স্পর্শ করলেও সাফ কোনো ব্যবস্থা নেয়নি। অথচ এবার তাঁর মন্তব্যের জন্য ছয় মাস বা এক বছর নিষেধাজ্ঞা এবং ১০ হাজার ডলার জরিমানার কথা উঠছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মুতাইরি আরও দাবি করেন, তাঁর কাছে সাফ কমিটি জবাব পাওয়ার ১০ ঘণ্টার মধ্যেই ১৪টি লিখিত ব্যাখ্যা দিয়েছেন। এরপরও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় কিয়ামতের দিন অভিযোগ দেওয়ার কথা জানান তিনি। এ প্রসঙ্গে মুতাইরি বলেছেন, ‘কিয়ামতের দিন আল্লাহর সামনে যদি আমাদের দেখা হয়, তখন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আমি সেদিন আপনার বিরুদ্ধে অভিযোগ জানাব।’
সেখানেই থেমে থাকেননি মুতাইরি। তিনি দাবি করেন, সাফে আরবদের প্রতি বর্ণবাদী আচরণ করা হয়। এ প্রসঙ্গে শ্রীলঙ্কা কোচ বলেছেন, ‘আমি বিশ্বাস করি, সাফে সমস্যা আছে। তারা আরবদের পছন্দ করে না।’ আর সে কারণেই সাফে আর কখনো খেলতে আসবেন না বলেও জানান তিনি। শ্রীলঙ্কা কোচের ভাষায়, ‘এটাই সাফ অঞ্চলে আমার শেষ আসর।’
ম্যাচের আগে শ্রীলঙ্কা কোচ বলেছিলেন, সাফ ইতিহাসে সেরা ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি। কিন্তু সেই ম্যাচে কিনা লঙ্কানরা পাত্তাই পেল না। এমন ম্যাচ প্রত্যাশা করেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে মুতাইরি বলেছেন, ‘ফুটবলে সবকিছু মেনে নেওয়ার এবং সবকিছুর জন্য প্রস্তুত থাকার মানসিকতা থাকতে হয়। তবে ওই ই-মেইল পাওয়ার পর থেকেই আমি বুঝতে পেরেছিলাম, আমরা হেরে যাব।’
ঘুরে ফিরে সেই মেইলের প্রসঙ্গই টানছিলেন মুতাইরি, ‘বিশ্বকাপ চলাকালে ফিফা কি কোনো ব্যবস্থা নিয়েছিল? না। তারা বিশ্বকাপ শেষ হওয়ার পর তদন্ত করেছে। তাহলে তানজিমের এত তাড়া কেন?’