ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলেও খুব বেশি বিশ্রাম নেওয়ার সুযোগ নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সাউথ আফ্রিকা সফরে যেতে হবে লিটন কুমার দাস-নাজমুল হোসেন শান্তদের। এর মধ্যে টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকেই।
সাউথ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত খেলা ১৬ টেস্টের মোটে দুটিতে ড্র করতে পেরেছে বাংলাদেশ। এর মধ্যে সাউথ আফ্রিকার মাটিতে যে ৮টি টেস্ট খেলেছে, সেই ৮টিতেই বাংলাদেশের সঙ্গী হয়েছে হারের তিক্ততা। আফ্রিকার বোলারদের সামনে বেশিরভাগ সময়ই ভুগতে হয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের। উইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজেও ব্যাটসম্যানদের ব্যর্থতা স্পষ্ট হয়েছে বিশেষভাবে।
সেই ব্যর্থতা কাটাতে সাউথ আফ্রিকা সিরিজের জন্য ব্যাটিং স্পেশালিস্ট নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন সাউথ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইন। প্রোটিয়া বধে ৫২ বছর বয়সী প্রোটিয়া কোচকেই নিয়োগ, যেন ‘শত্রুকেই’ কাছে টেনে নিল বিসিবি!
উইন্ডিজ সিরিজের আগে ব্যাটিং কোচ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বিসিবি। তাঁর জায়গায় অন্তর্বর্তী হিসেবে দায়িত্ব পালন করেন সালাহউদ্দীন। এবার সাউথ আফ্রিকা সিরিজে দায়িত্বটা গেল বেনকেনস্টেইনের কাঁধে।
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রানের মালিক বেনকেনস্টেইন সাউথ আফ্রিকার জার্সিতে ২৩টি ওয়ানডে খেলেছেন। বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত সাউথ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন। এ ছাড়া ইংল্যান্ডের বেশ কয়েকটি পরিচিত কাউন্টি দল— হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। নিজ দেশ সাউথ আফ্রিকার বেশ কয়েকটি বড় ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।


