পাকিস্তান ম্যাচের আগে তথ্য ফাঁস হয়নি, দাবি ক্রীড়া প্রতিমন্ত্রীর

সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিদায় ঘটেছে সেমিফাইনালে। টুর্নামেন্টের ফাইনালে ওঠার এই ম্যাচে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে যায় থমাস ডুলির শিষ্যরা। ওই হারের পর গুঞ্জন ছড়ায়, ম্যাচটি শুরুর আগেই বাংলাদেশ দলের গেমপ্ল্যান ও একাদশের গোপন তথ্য পাকিস্তান দলের কাছে ফাঁস হয়েছে।

কিন্তু সেই গুঞ্জনটি উড়িয়ে গিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ রোববার সকালে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে তথ্য পাচারের খবরটি সঠিক নয়।

গুঞ্জন উড়িয়ে দেওয়ার পাশাপাশি সাবেক খেলোয়াড়দের জন্য বড় সুখবর দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, ২০০ সাবেক খেলোয়াড়কে মাসিক ভাতা দেওয়া হবে। সেই কার্যক্রম শুরু হবে আগামী জানুয়ারি থেকে। এছাড়া আরও ৩৭৩ জন ক্রীড়াবিদকে চলতি মাস থেকেই ভাতা দেওয়া শুরু হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

আমিনুল হক আরও জানিয়েছেন, তৃণমূল পর্যায় থেকে সরকার ঘোষিত দশটি খেলার দল গঠন করা হয়েছে এরইমধ্যে। নতুন কুঁড়ির মাধ্যমে খেলোয়াড় তৈরি শুরু হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এসময় ক্রীড়াবিদদের চিকিৎসা ও স্বাস্থ্যসুবিধা প্রদান বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে ল্যাবএইড চুক্তি করেছে বলেও জানান তিনি।