লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে উন্মাদনার কমতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই উন্মাদনার খবর এখন আর্জেন্টাইনদের কাছেও অজানা নয়। আর সে কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্কও নতুন মাত্রা পেয়েছে।
এবার সেই সম্পর্ক আরও একধাপ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ফুটবল উন্নয়নে ভূমিকা রাখতে দেশে আসছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতিনিধি দল। দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা তাদের। আগামী ২৪ ও ২৫ নভেম্বরের সেই সফরে বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করার সম্ভাবনা খতিয়ে দেখবে তারা। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত এই সফরে দেশের ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ, কোচ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, হাতে-কলমে প্রশিক্ষণ এবং ভবিষ্যতে কারিগরি সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
দুই দিনের সফরে কবে কী হবে, সেটাও জানিয়েছে বাফুফে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রথম দিন অর্থাৎ ২৪ নভেম্বর বাংলাদেশের ফুটবলের সামগ্রিক উন্নয়নে পরিকল্পনা, লক্ষ্য ও বিভিন্ন কর্মসূচি তুলে ধরবে আর্জেন্টিনার প্রতিনিধি দল। এই সেমিনারে ফুটবল সংশ্লিষ্ট কর্মকর্তা, ক্লাব, একাডেমি, বিশ্ববিদ্যালয় এবং গণমাধ্যমের প্রতিনিধিসহ প্রায় ২৩০ জনের অংশ নেওয়ার কথা রয়েছে।
এরপর দিন শুরু হবে কোচদের জন্য বিশেষ প্রশিক্ষণ সেশনের মধ্য দিয়ে। এরপর বিভিন্ন স্কুল ও একাডেমির ছেলে ও মেয়েদের নিয়ে আয়োজন করা হবে হাতে-কলমে ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি বা ফুটবল ক্লিনিক। ১২ থেকে ১৩ বছর বয়সী ৪০ জন খেলোয়াড়কে নিয়ে ৯০ মিনিটের এই প্রশিক্ষণ সেশন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে খুদে ফুটবলাররা নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন কিছু শেখার সুযোগ পাবে বলে আশাবাদী বাফুফে।
তবে আর্জেন্টিনার প্রতিনিধি দলের বাংলাদেশ সফর এবং চূড়ান্ত কর্মসূচি এখনো নিশ্চিত হয়নি। প্রতিনিধি দলের চূড়ান্ত নিশ্চয়তার ওপরই এখন পুরো আয়োজন নির্ভর করছে।


