বার্সেলোনা ছাড়তে চাইনি, যেতে চাইনি পিএসজিতে - স্বীকারোক্তি মেসির

মেসি বার্সেলোনা ছাড়তে চাননি। অনেকটা ইচ্ছের বিরুদ্ধেই কাতালান ক্লাবটিকে বিদায় জানিয়ে পাড়ি জমিয়েছিলেন ফ্রান্সে – ব্যাপারগুলো মোটামুটি সবারই জানা। জানা বিষয়গুলোই আরেকবার সবাইকে মনে করিয়ে দিলেন মেসি।

মাসখানেক আগেই ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার মেসির সামনে এর মধ্যেই এসেছে শিরোপা জেতার সুযোগ। লিগস কাপের ফাইনালে শনিবার ন্যাশভিলের মুখোমুখি হচ্ছে মায়ামি। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন মেসি। অবধারিতভাবে উঠে এসেছে বার্সেলোনা-পিএসজি প্রসঙ্গও। সেখানেই বার্সেলোনা ছাড়ার বিষয়ে নিজের অনিচ্ছার কথাটা জানিয়েছেন মেসি।

‘পিএসজিতে যোগ দেওয়ার ব্যাপারটা এমন কিছু না যা আমি চেয়েছিলাম। আমি কখনই বার্সেলোনা ছাড়তে চাইনি। কিন্তু হুট করে সবকিছু হয়ে গেল। এত বছর বার্সেলোনায় থাকার পর তাড়াহুড়ো করে নতুন জায়গায় বাস করার অভ্যাস করতে হল। ব্যাপারগুলো (আমার জন্য) কঠিন ছিল।‘

পিএসজিতে তিনি যে সুখে ছিলেন না, এটাও বুঝিয়ে দিয়েছেন মেসি। তবে মায়ামিতে আসার পর বিষয়গুলো আর আগের মতো নেই, ‘সৌভাগ্যবশতঃ পিএসজির মতো অবস্থা এখানে নেই। আমি নিশ্চিতভাবে বলতে পারি আমি যে সিদ্ধান্তটা নিয়েছি (মায়ামিতে যোগ দেওয়ার), তাতে আমি অনেক খুশি। শুধু খেলার দিক দিয়ে নয়। সব দিক দিয়েই - যেভাবে আমি আর আমার পরিবার এখানে দিন কাটাচ্ছি, যেভাবে নতুন এক অভিজ্ঞতা হচ্ছে, যেভাবে এখানকার মানুষগুলো আমাদের বরণ করে নিয়েছে। এ শহরে অনেক বেশি লাতিন মানুষ আছে, ফলে আমাদের খাপ খাওয়াতে অনেক বেশি সুবিধা হচ্ছে।‘