নারী ফুটবল বিশ্বকাপ ফাইনাল

ইংলিশ-স্প্যানিশ দ্বৈরথ, বিশ্ব দেখবে নতুন চ্যাম্পিয়ন

নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে আজ রোববার (২০ আগস্ট) ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্পেন। প্রথমবার ফাইনালে ওঠা দুই দলই নিজেদের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত। সিডনির অলিম্পিক্স স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

ইংল্যান্ড নাকি স্পেন? অল ইউরোপিয়ান ফাইনালে যে দলই জিতুক, নতুন নারী চ্যাম্পিয়ন পাবে ফুটবলবিশ্ব। জমজমাট লড়াই দেখার অপেক্ষায় সবাই।

৩০ জুলাই, ১৯৬৬। ওয়েম্বলি স্টেডিয়ামে ওয়েস্ট জার্মানিকে ৪-২ গোলে বিধ্বস্ত করে থ্রি লায়ন্সের ওয়ার্ল্ড কাপ জয়। এরপর কেটে গেছে ৫৬ বছর। কিন্তু ক্লাব ফুটবল দিয়ে দাপট তৈরি করলেও বিশ্বকাপ ট্রফি আর ছুঁয়ে দেখা হয়নি। এবার নারীদের হাত ধরে সেই অধরা শিরোপায় চুমু খাওয়ার দ্বারপ্রান্তে ইংলিশরা।

এবারের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত অপরাজিত ইংল্যান্ড। শুরুটা খুব একটা ভালো না হলেও, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই জায়গা করে নেয় দ্বিতীয় রাউন্ডে। এরপর আর তাদের থামায় কে! নাইজেরিয়া, কলোম্বিয়ার পর সেমিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনলে পৌঁছায় রুশো-কার্টাররা।

ঠিক ফেভারিট বলা না গেলেও, হেড-টু-হেডে ঢের এগিয়ে ইংল্যান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই পেয়েছে জয়। এক ম্যাচে হার, আর অন্যটি গোলশূন্য ড্র। তাই ফাইনালে কিছুটা এগিয়ে থাকবে ইংলিশরাই।

ইংলিশ ফরওয়ার্ড অ্যালেসিয়া রুশো বলেন, “এটা আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। যেটার জন্য সবসময় স্বপ্ন দেখছি, সেই জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে। স্পেন দুর্দান্ত খেলেই ফাইনালে এসেছে। আমরাও প্রস্তুত আছি”।

স্পেনের প্লেয়ারাও আছে দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। কোয়ার্টারে নেদারল্যান্ডস আর সেমিতে হট ফেভারিট সুইডেনকে বিদায় করে প্রথমবার ফাইনালে নাম লেখায় স্প্যানিশরা।

স্প্যানিশ ডিফেন্ডার উনা ব্যাটল বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। তারা খুবই কঠিন প্রতিপক্ষ। পরিসংখ্যান বিবেচনায়ও ওরা এগিয়ে। তবে, এখন এসব নিয়ে ভাবার সময় নেই। শিরোপা জয়ের ব্যাপারে আমরা আশাবাদী”।

বিশ্বকাপ ফাইনালে কেউ ফেভারিট থাকে না। নার্ভ ধরে রেখে সুযোগ কাজে লাগানোতে যে সফল হবে, তার হাতেই উঠবে বিশ্বকাপ ট্রফি।