মেসির ছোঁয়ায় নিজেদের প্রথম শিরোপা জিতল ইন্টার মায়ামি

অথচ এই ইন্টার মায়ামি মেসি যাওয়ার আগে ম্যাচ জিততে ভুলে গিয়েছিল। মেসি যোগ দেওয়ার মাসখানেকের মধ্যেই পেল শিরোপার স্বাদ। লিগস কাপের ফাইনালে আজ ন্যাশভিলকে পেনাল্টি শুটআউটে হারিয়েছে মেসির দল। নব্বই মিনিটের খেলায় ১-১ সমতা থাকার পর পেনাল্টিতে ১০-৯ স্কোরলাইনে ম্যাচ জিতে নেয় ইন্টার মায়ামি।

ম্যাচের ২৩ মিনিটেই মেসির অসাধারণ গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। বক্সের বাইরে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত দূরপাল্লার এক শটে দলকে এগিয়ে দেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা। প্রথমার্ধে গোল এই একটাই। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ন্যাশভিল। ৫৭ মিনিটে ন্যাশভিলের কর্নার সামলাতে গিয়ে ভজকট পাকিয়ে ফেলে মেসিদের রক্ষণ। জটলার মধ্যে বল পেয়ে গোলে শট নেন উইঙ্গার ফাফা পিকল্ট, তা আটকাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল ঢুকিয়ে দেন মায়ামির গোলকিপার ড্রেইক ক্যালেন্ডার।

গোলের পর মেসি

এর কিছুক্ষণ পরেই আবারও মেসি-ম্যাজিক। মাঠের ডানপ্রান্ত থেকে বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের একের পর এক খেলোয়াড়কে কাটিয়ে সেই চিরপরিচিত দৌড়ের পর বাঁ পায়ের শট নেন মেসি, তাতে গোলকিপার এলিয়ট প্যানেকা পরাস্ত হলেও বাধ সাধে গোলবার।

তবে ন্যাশভিলও যে সুযোগ পায়নি না নয়। বরং গোলে শট মায়ামির চেয়ে তারাই বেশি নিয়েছে। জার্মান ফরোয়ার্ড হ্যানি মুখতারের এক ফ্রি-কিক একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে, বোর্নমাউথের সাবেক স্ট্রাইকার স্যাম সারিজের এক শট দুর্দান্তভাবে আটকেছেন ক্যালেন্ডার। তবে সবচেয়ে বড় মিস করেছেন মায়ামির বিকল্প স্ট্রাইকার লিওনার্দো কাম্পানিয়া। মূল সময়ের একদম শেষ মূহুর্তে গোলকিপারের সামনে চিপ করে গোলপোস্ট ফাঁকা পেয়ে গিয়েছিলেন এই স্ট্রাইকার, কিন্তু চিপটা জায়গামতো না হওয়ায় আবারও দুরূহ কোণা থেকে শট নেন, কিন্তু আবারও বাধা দেয় পোস্ট। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টিতে।

পেনাল্টিতেও সবার আগে গোল করেন মেসি। ন্যাশভিলের হয়ে প্রথম শটে র‍্যান্ডাল লিয়াল মিস করলে জয়ের সম্ভাবনা জাগে মায়ামির। তবে মায়ামির প্রথম পাঁচ পেনাল্টির শেষ শটটা মিস করেন ভিক্টর উজোয়া। ফলে ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানেও কেউ কাউকে তিলমাত্রও ছাড় দেয়নি। শেষমেশ ন্যাশভিলের গোলকিপার এলিয়ট প্যানেকো নিজের শট মিস করলে নিশ্চিত হয়, মেসিদের হাতেই উঠছে শিরোপা।