খরচ কমাতে, বা বাড়তি আয় করতে এর আগে বহু কাজই করেছে বার্সেলোনা - নিজেদের স্টুডিওর আংশিক মালিকানা বিক্রি করা থেকে শুরু করে ক্যাম্প ন্যু-র স্বত্ব বিক্রি করা, বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাঠ ভাড়া দেওয়া। তবে এবার যা করছে, তাঁর সঙ্গে হয়তো কোনো কিছুরই তুলনা চলে না।
আগে বার্সেলোনার মূল দলের সঙ্গে লা মাসিয়ার ডাইনিংয়ে নাস্তা করতে পারতেন যুবদলের খেলোয়াড়েরা। ব্যাপারটা বাধ্যতামূলক না হলেও বার্সার কোচ হিসেবে শাভি এর্নান্দেস দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়ম চালু করেছিলেন, মূল দলের খেলোয়াড়দের সঙ্গে সব দলের খেলোয়াড়কে নাস্তা করতে হবে। এতে খেলোয়াড়দের মধ্যে বন্ধন দৃঢ় হয়। এ কারণে বাইরের এক ক্যাটারিং সার্ভিসকেও দায়িত্ব দিয়েছিল বার্সেলোনা। এখন যুবদলের খেলোয়াড়দের সেই সুবিধা কেড়ে নিচ্ছে কাতালান ক্লাবটি। কারণ ওই একটাই – খরচ কমাতে হবে। খবর দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম রিলোভো।
আগে সব খেলোয়াড়দের জন্য নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা ছিল লা মাসিয়ায়। পরে কয়েকটি দলের সকালে অনুশীলন সেশন শুরু হওয়ার কারণে বাধ্যতামূলক নাস্তার নিয়মটা উঠে যায়, অনেকটা অলিখিতভাবেই। আবার বার্সেলোনার ‘বি’ দলের কোচ, বার্সার সাবেক মেক্সিকান ডিফেন্ডার রাফায়েল মার্কেজও চান না সকালে অনুশীলন করার পর ছেলেরা লা মাসিয়ায় থাকুক। অনুশীলন শেষ করে খেলোয়াড়দের বাড়ি পাঠিয়ে দিতেই পছন্দ করেন মার্কেজ, যাতে তারা নিজের বাসায় খাওয়াদাওয়া ও বিশ্রাম করে ফুরফুরে মেজাজে আবার বিকেলের অনুশীলন করতে পারে।
ফলে দেখা যাচ্ছে, নাস্তা করার জন্য যুবদলের তেমন কেউই থাকছেন না। তাই এখন একরকম নিয়ম করেই যুবদলের খেলোয়াড়দের জন্য নাস্তা করার সুবিধা উঠিয়ে নিচ্ছে বার্সেলোনা, শুধু মূল দলের খেলোয়াড়েরাই নাস্তা করতে পারবেন লা মাসিয়ার ডাইনিংয়ে।