একটা অসাধারণ সাফল্যের পটভূমিতে কী এক কেলেঙ্কারির জন্ম! এ নিয়ে কাঁদা ছোড়াছুড়ি, হুমকি-পাল্টা হুমকিতে নোংরামি আরও বেড়েছে। কোথায় সময়টা হওয়ার কথা স্পেনের মেয়েদের বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্যাপনের, সেখানে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির এক কলঙ্কিত কান্ডে বিশ্বকাপ নিয়ে আলোচনাই যেন পেছনের পাতায় চলে গেছে!
গত রোববার বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপ জেতে স্পেন। কিন্তু শিরোপামঞ্চে স্পেনের ১০ নম্বর জার্সিধারী জেনি এরমোসোর ঠোঁটে চুমু এঁকে দেন স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতি লুইস রুবিয়ালেস। এ নিয়ে অনেক কাঁদা ছোঁড়াছুড়ির মধ্যে আজ ফিফা ঘোষণা করল, তারা প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করছে রুবিয়ালেসকে।
ফিফা বলে দিয়েছে, এ সময়ের মধ্যে সব ফুটবলবিষয়ক কার্যক্রম থেকে দূরে থাকতেই হবে রুবিয়ালেসকে, পাশাপাশি রুবিয়ালেস বা স্প্যানিশ ফেডারেশনের কোনো প্রতিনিধিও এরমোসোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে পারবেন না।
রোববার ওই চুমু কেলেঙ্কারির পর রুবিয়ালেস ক্ষমা চাইলেও তা ছিল ঔদ্ধ্বত্যপূর্ণ ভঙ্গিতে, যা সাধারণ্যে আরও বিরক্তি বাড়িয়েছে। শুধু সাধারণ্যে কেন, স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসও রুবিয়ালেসের ওই ক্ষমা প্রার্থনা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছিলেন। এরপর গত বৃহস্পতিবার এরমোসো নিজে এবং খেলোয়াড়দের সংগঠন ফুটপ্রো যৌথ বিবৃতিতে রুবিয়ালেসের শাস্তি দাবি করেন। ফিফাও এ ঘটনায় শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করে। তখন গুঞ্জন উঠেছিল, শুক্রবারই হয়তো পদত্যাগ করবেন রুবিয়ালেস।
কিন্তু হলো উলটো। পদত্যাগ তো করেনইনি, রুবিয়ালেস উল্টো দাবি করেন, ওই চুমুর ঘটনা ঘটেছে পারস্পরিক সম্মতিতে। এরমোসোই তাকে জড়িয়ে ধরার পর তিনি চুমু খাওয়ার কথা বললে এরমোসো ‘হ্যাঁ’ বলেছেন বলে দাবি করেন রুবিয়ালেস। এমনকি এরমোসো এখন মিথ্যা বলছেন দাবি করে তাঁর এই মিথ্যাচারের সমাচার জনসম্মুখে নিয়ে আসার হুমকি দেন রুবিয়ালেস!
এরপর স্পেনের বিশ্বজয়ী মেয়েদের দল একযোগে ঘোষণা দেয়, ফেডারেশনের নেতৃত্বে বদল না এলে তাঁরা কেউই আর স্পেনের হয়ে খেলবেন না!
কাঁদা ছোড়াছুড়ি চলতে থাকার মধ্যেই আজ ফিফার ঘোষণা এল, রুবিয়ালেস নিষিদ্ধ হতে যাচ্ছেন। বিবৃতিতে ফিফা লিখেছে, ‘আজ থেকেই কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞার মেয়াদ প্রাথমিকভাবে ৯০ দিনের।’ রুবিয়ালেসের বিরুদ্ধে চলতে থাকা ফিফার শৃঙ্খলাভঙ্গের তদন্ত শেষে চূড়ান্ত শাস্তি কী হতে পারে তা জানাবে ফিফা।