৮ কোটি ইউরোতেও এমবাপ্পের বন্ধুকে পাচ্ছে না পিএসজি

লিওনেল মেসি তো মৌসুম শুরু হওয়ার আগেই বিদায় নিয়েছেন। দলবদলের মৌসুম শেষ হওয়ার আগে নেইমারও চলে গেছেন সৌদি আরব। পারি সাঁ জার্মেইয়ে (পিএসজি) কিলিয়ান এমবাপ্পের রাজত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে।

চুক্তি নবায়ন সংক্রান্ত ঝামেলা শেষে ম্যাচ একাদশে ফিরেছেন এমবাপ্পে। ক্লাবের হয়ে প্রতিদিনই গোল করছেন। ধীরে ধীরে তাঁর পছন্দের খেলোয়াড় দিয়ে স্কোয়াড গোছানোও হচ্ছে। বার্সেলোনা থেকে কদিন আগেই উসমানে দেম্বেলেকে কিনেছে পিএসজি। তাঁর আরেক বন্ধুকে কিনতে অবশ্য একটু ঝামেলায় পড়েছে।

র‍্যান্ডল কোলো মুয়ানি গত মৌসুমেই প্রথম নজরে এসেছেন। জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের হয়ে দারুণ ফর্ম দেখিয়েছেন। বিশ্বকাপ ফাইনালে এই ফরোয়ার্ড নামার পরই ম্যাচে ফিরেছিল ফ্রান্স। যদিও অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে তাঁর একটি মিসই ফ্রান্সকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে দেয়নি।

সে মিসও অবশ্য ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের মূল্য কমাতে পারেনি। মৌসুমে ক্লাবের জার্সিতে ৪০ গোলে অবদান রাখা এই ফরোয়ার্ডকে তাই পেতে চাইছে পিএসজি। নতুন খবর, তাঁকে পেতে এককালীন ৭ কোটি ও শর্ত সাপেক্ষে ১ কোটি ইউরো দিতে চাইছে প্যারিসের ক্লাব। কিন্তু ফ্রাঙ্কফুর্ট সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

জার্মান ক্লাব মৌসুম শুরু হওয়ার পর কোনো খেলোয়াড়কে ছাড়তে রাজি নয়। তবু মুয়ানি যেহেতু পিএসজির সঙ্গে কথা বলে রেখেছেন, সেক্ষেত্রে একটু নমনীয় হতে বাধ্য হচ্ছে। কিন্তু এত কম সময়ে বিকল্প খুঁজে নেওয়ার ঝামেলা ও মুয়ানির মতো একজনকে হারানোর ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি ইউরো চাইছে।

পিএসজি এত বড় অংক দিতে রাজি নয়। কিন্তু ক্লাবটির হাতে দরকষাকষির  জন্য খুব বেশি সময় নেই। আগামী ১ সেপ্টেম্বর গ্রীষ্মকালীন দলবদলের মৌসুম শেষ হয়ে যাবে। এর আগেই দলবদলের অংকে একমত হতে হবে দুই ক্লাবকে।

এদিকে পিএসজি দরটা কমিয়ে আনতে তাদের বর্তমান আরেক ফ্রেঞ্চ স্ট্রাইকার উগো একিতিকেকে ফ্রাঙ্কফুর্টে পাঠাতে চায়। কিন্তু একিতিকের উচ্চবেতন দিতে রাজি নয় ফ্রাঙ্কফুর্ট।