আর্জেন্টিনা দলে যুক্তরাষ্ট্রের লিগের ৩ জন, নেই দিবালা-লো সেলসো

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার উদ্‌যাপনই এখনো করে যাচ্ছে আর্জেন্টিনা। তবে উদ্‌যাপন শেষে এবার ‘সিরিয়াস’ হওয়ার পালা। সেপ্টেম্বরে শুরু হয়ে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকান অঞ্চলের ম্যাচ।

সেপ্টেম্বরে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা - ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে। সে দুই ম্যাচের জন্য আজ ৩২ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দলে যুক্তরাষ্ট্রের লিগের খেলোয়াড় আছেন তিনজন। আর চোটের কারণে স্কালোনি দলে নিতে পারেননি পাওলো দিবালা, মার্কোস আকুনিয়া ও হেরোনিমো রুইয়িকে।

মিডফিল্ডার জিওভান্নি লো সেলসোকেও দলে ডাকেননি স্কালোনি। তবে তাঁর ক্ষেত্রে বাদ পড়ার কারণটা চোট কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। আর্জেন্টিনা দলবিষয়ক খবরের ওয়েবসাইট মুন্দো আলবিসেলেস্তে বলছে, লো সেলসোর চোট নেই। তবে দিয়ারিও ওলে জানাচ্ছে, চোটের কারণেই দলে ডাক পাননি ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে খেলা এই মিডফিল্ডার। প্রসঙ্গত, ২০২২ কাতার বিশ্বকাপের ঠিক আগে চোটে পড়ায় বিশ্বকাপেও খেলা হয়নি লো সেলসোর।

সেপ্টেম্বরে বাছাইপর্বের দুই ম্যাচের আর্জেন্টিনা দল। ছবি: এক্স

সেপ্টেম্বরের বাছাইপর্বের দুই ম্যাচের দলে আরেকটি চমক হতে পারে – এ দলে যুক্তরাষ্ট্রের লিগে খেলা খেলোয়াড় আছেন তিনজন। যদিও তথ্যটা এভাবে দেয়া কিছুটা শুভঙ্করের ফাঁকি থেকে যায়। এ তিনজনের একজন – আটলান্টা ইউনাইটেডের মিডফিল্ডার থিয়াগো আলমাদা বিশ্বকাপজয়ী দলেও ছিলেন। আরেকজন আলান ভেলাসকো আর্জেন্টাইন ক্লাব ইনদিপেন্দিয়েন্তেতে তিন বছরে প্রতিভার প্রমাণ রাখার পর গত বছর গেছেন এফসি ডালাসে, সেখানেও আলো ছড়াচ্ছেন। তিনি অবশ্য ডাক পেয়েছেন মূলত আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের জন্য, অনূর্ধ্ব-২৩ দলটিও মূল দলের সঙ্গেই অনুশীলন করবে। আর তিনজনের অন্যজন তো কদিন আগে ইন্টার মায়ামিতে যাওয়া লিওনেল মেসিই!

আগামী ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচ আর্জেন্টিনার, ১২ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচটি বলিভিয়ার মাঠে।