বাংলাদেশের ইতিহাসে পেশাদার বক্সিংয়ে সবচেয়ে বড় আয়োজন বেক্সিমকো-এক্সবিসি ফাইট নাইট শুরু হচ্ছে শনিবার থেকে। এমন আয়োজন বক্সিংকে বাংলাদেশে জনপ্রিয় করে তুলবে বলে বিশ্বাস বিসিবি ও বেক্সিমকো স্পোর্টসের পরিচালক ওবায়েদ নিজামের। বাংলাদেশের বক্সাররাও ভবিষ্যতে বিশ্ব বক্সিংয়ে উন্নতি করবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হারুন।
বক্সিং বিশ্ব ক্রীড়াঙ্গনে জনপ্রিয় খেলা, বাংলাদেশেও যার জনপ্রিয়তা বাড়ছে ধীরে ধীরে। এই খেলার প্রসারে নেওয়া হয়েছে অভিনব এ উদ্যোগ। বেক্সিমকো-এক্সবিসি ফাইটের দ্বিতীয় আসরে বিশ্বচ্যাম্পিয়ন বক্সারসহ ফ্রান্স, থাইল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশের ৭ বক্সার লড়বেন শ্রেষ্ঠত্ব প্রমাণে। থাকছেন বাংলাদেশের স্বর্ণজয়ী বক্সার আল আমিন, সুর কৃষ্ণ চাকমাসহ ৭ বক্সার। মেয়েদের ইভেন্টে লড়বেন তানজিলা-আরফা।
ক্রিকেট-ফুটবলের ভিড়ে বক্সিংকে জনপ্রিয় করে তোলার প্রয়াস বেক্সিমকোর। বিসিবি ও বেক্সিমকো স্পোর্টসের পরিচালক ওবায়েদ নিজাম বলেন, ‘বিশ্বেই বক্সিংয়ের অনেক জনপ্রিয়তা আছে। শুধু ভারত পাকিস্তান নয়, অন্যান্য অনেক দেশ, যেমন আমাদের পাশের দেশ নেপাল এবং অন্যান্য। আমরা চিন্তা করেছি, আমরা বক্সিংকে প্রোমোট করব এজন্য যে, সামনের দিনগুলোতে এর বড় সম্ভাবনা আছে। আমাদের বক্সাররাও বিশ্বমঞ্চে যাচ্ছেন। তাহলে কেন নয়?’
যুব সমাজকে বক্সিংয়ের প্রতি আগ্রহী করতে বেক্সিমকো আয়োজন করতে যাচ্ছে এমন আয়োজন। ক্রিকেটার-ফুটবলার হওয়ার পাশাপাশি বক্সিংয়েও যাতে ভবিষ্যত গড়তে পারে তরুণ-তরুণীরা, সেই প্রত্যাশা সংগঠনটির।
ওবায়েদ নিজাম বলেন, ‘তরুণদের এগিয়ে নেওয়ার জন্য সব ধরনের খেলাধুলায় বা সব ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এ জন্যই আমরা বক্সিং চুজ করেছি। আমরা তো আশা করছি, কোনো একদিন বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে।’
বেক্সিমকো-এক্সবিসি ফাইট নাইটের প্রথম আসর দর্শকপ্রিয়তা অর্জন করায়, দ্বিতীয় আসরে বেড়েছে প্রত্যাশার চাপ। প্রতিবন্ধকতা কাটিয়ে এই আসরও সফলভাবে আয়োজন করার লক্ষ্য সংশ্লিষ্টদের।
বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হারুন বলেন, ‘আমরা আশা করি, আমরা যেভাবে কাজ করে যাচ্ছি যেভাবে বেসরকারি খাত এগিয়ে আসছে, বেক্সিমকো বা অন্যান্য প্রতিষ্ঠানের সমর্থন পাচ্ছি, এতে আমরা বাংলাদেশি বক্সারদের গ্রুমিং করতে পারব। এবং খুব শিগগিরই আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব। বক্সিংয়ের অবশ্যই কিছু চ্যালেঞ্জ থেকেই যায়। যেমন অন্যান্য দেশে যেমন বক্সিংটা অনেক পপুলার। সে সব দেশে একের বেশি ফাইটিং এরিনা থাকে। আমাদের এখানে কোনো বক্সিং এরিনা নাই।’
এবারের আসরের মূল আকর্ষণ বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা ও নেপালের মাহেন্দ্র বাহাদুরের লড়াই। দুই বক্সার লড়বেন সুপার লাইটওয়েট ক্যাটাগরিতে শিরোপা জয়ের জন্য।