২৪ বছর বয়সে শেষ হয়ে গেল সুন্দর স্বপ্নটা

আগামী জুলাইয়ে অলিম্পিক অভিষেক হওয়ার কথা ছিল কেলভিন কিপটামের। গত অক্টোবরে ম্যারাথনের বিশ্ব রেকর্ড গড়েছিলেন কেনিয়ান অ্যাথলেট। স্বদেশি এলিউদ কিপচোগের রেকর্ড ভেঙে শিকাগো ম্যারাথন জিতেছিলেন ২ ঘণ্টা ৩৫ সেকেন্ডে। প্রথম কোনো অ্যাথলেট হিসেবে ২ ঘণ্টা ১ মিনিটের নিচে ম্যারাথন শেষ করার কীর্তি গড়েছিলেন ২৪ বছর বয়সী।

মাত্র এক বছরেই ম্যারাথন ইতিহাসের সেরা সাতটি টাইমিংয়ের তিনটি করা কিপটামকে আগামী প্যারিস অলিম্পিকের জন্য ফেবারিট ভাবা হচ্ছিল। স্বপ্ন দেখছিলেন প্রথম কোনো অ্যাথলেট হিসেবে ২ ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করবেন। কিন্তু সে স্বপ্নটা অপূর্ণ থাকল তাঁর। গতকাল এক ভয়ংকর গাড়ি দুর্ঘটনা কিপটাম ও তাঁর কোচ গারভাইস হাকিজিমানার জীবন কেড়ে নিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে স্থানীয় সময় রোববার রিফট ভ্যালিতে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন। বিশ্ব অ্যাথলেটিকসের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘কেভিন কিপটাম ও তাঁর কোচ গারভাইস হাকিজিমানার মর্মান্তিক মৃত্যুর খবরে আমরা শোকাহত। বিশ্ব অ্যাথলেটিকসের পক্ষ থেকে তাঁদের পরিবার, পরিজন এবং কেনিয়ার প্রতি আন্তরিক সহানুভূতি জানাই। ছাপ রেখে যাওয়া এক অ্যাথলেট বিদায় নিলেন, তাঁর অভাব বোধ করব আমরা।’ 

২৪ বছর বয়সী ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন এবং আসেনাথ রতিচ ও তাঁর সংসারে দুই সন্তান আছে। কেনিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রুয়ান্ডান কোচ হাকিজিমানা এবং শ্যারন কসগি নামের এক নারীকে নিয়ে জন্মস্থান রিফট ভ্যালি গ্রামে যাচ্ছিলেন। নিজেই গাড়ি চালাচ্ছিলেন কিপটাম। ঘটনাস্থলেই কিপটাম ও তাঁর কোচের মৃত্যু হয়েছে। মারাত্মক আহত কসগিকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ কমান্ডার পিটার মুলিনগের বরাতে বলা হয়েছে, অন্য কোনো গাড়ি ধাক্কা দেয়নি কিপটামদের।

২০১৯ সালে হাফ ম্যারাথন দিয়ে ক্যারিয়ার শুরু করা কিপটাম ২০২২ সালে প্রথম ম্যারাথনে নামেন। প্রথমবার নেমেই ৪২.১৯৫ কিলোমিটার দৌড় শেষ করেন ২ ঘণ্টা ১ মিনিট ৫৩ সেকেন্ডে। সে সময়কার চতুর্থ দ্রুততম এই সময় তাঁকে অভিষেকেই ভ্যালেন্সিয়া ম্যারাথন জেতায়।

প্রথম ৩০ কিলোমিটার অন্যদের সঙ্গে থেকে পরে গতি বাড়িয়ে একা রেস শেষ করার এই ট্রেডমার্ক স্টাইল গত এপ্রিলে লন্ডন ম্যারাথনেও দেখিয়েছেন। এবং টুর্নামেন্ট রেকর্ড ২ ঘণ্টা ১ মিনিট ২৫ সেকেন্ডে দৌড় শেষ করেন। সর্বশেষ অক্টোবরে শিকাগোতে তো বিশ্বরেকর্ডই গড়লেন। কে জানত, সে দৌড়ই তাঁর জীবনের শেষ ম্যারাথন হবে! 

৩৬ বছর বয়সী হাকিজিমানাও একসময় দীর্ঘ পাল্লার দৌড়বিদ ছিলেন। রুয়ান্ডার ৩ হাজার মিটার স্টিপলচেজের রেকর্ড এখনো তাঁর দখলে।