বাংলাদেশে আজ ঈদ না হলেও বিশ্বজুড়ে অনেক দেশেই আজ ঈদ-উল- ফিতর উদযাপিত হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তানেও মহাসমারোহে উদযাপিত হচ্ছে এই ধর্মীয় উৎসব। ঈদের আনন্দ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।
পাকিস্তানের সাবেক সহ-অধিনায়ক লেগ স্পিনার শাদাব খান যেমন ঈদের পাঞ্জাবিতে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক, সে সঙ্গে বাধ্যতামূলক ঈদের ছবি। সবার সুস্থতা, আনন্দ ও সাফল্য কামনা করছি।’
ওদিকে বন্ধু ছবি দিলেও হাসান আলী পোস্ট দিয়েই সন্তুষ্ট। এই ডানহাতি পেসার এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘বিশ্বজুড়ে সব মুসলিম ভাই ও বোনকে ঈদ মোবারক জানাই! এই ঈদ আপনার জীবনে শান্তি, ভালোবাসা ও অফুরন্ত মঙ্গল বয়ে আনুক। মনে রাখবেন গাজায় আমাদের ভাই ও বোনেরা অকল্পনীয় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। এই সময়ে তাদের জন্য আমাদের দোয়া।’
এদিকে ঈদের আগে নতুন করে জাতীয় দলের অধিনায়কত্ব ফিরে পাওয়া বাবর আজম ঈদ মোবারক লিখে পরিবার ও আত্মীয়দের সঙ্গে তোলা ছবি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সদ্য অধিনায়কত্ব হারানো শাহীন শাহ আফ্রিদি এখনো সামাজিক মাধ্যমে ব্যস্ত হননি। অন্য ক্রিকেটারও এখনো ব্যস্ততা সেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হননি।
ওদিকে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও ফেনারবাচের মতো ক্লাবগুলোও ঈদের শুভেচ্ছা জানিয়েছে ইতিমধ্যে।