বেক্সিমকো এক্সেল থ্রি পয়েন্ট-ও

নিজের রেকর্ড এগিয়ে নিতে পারলেন না সুরো কৃষ্ণ চাকমা

রাজধানীতে শুরু হয়েছে দেশসেরা বক্সিং ইভেন্ট 'বেক্সিমকো এক্সবিসি ৩.০'। বেক্সিমকোর পৃষ্ঠপোষকতায় স্বনামধন্য এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোমোশনস বিগত দুই বছর ধরে বাংলাদেশে এই বক্সিং প্রতিযোগিতার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো এটি আয়োজন করা হয়েছে।

বক্সিংয়ের মেগা ইভেন্ট বেক্সিমকো এক্সেল থ্রি পয়েন্ট-ও ফাইট নাইট চলছে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। যেখানে হতাশ করেছে বাংলাদেশি বক্সাররা।

বাংলাদেশসহ পাঁচ দেশের বক্সাররা অংশ নিচ্ছেন এই আসরে। রোমাঞ্চ ছড়িয়েছে বাংলাদেশের মাকসুদুর রানা ও ফ্রান্সের থমাসের ম্যাচ। লড়াই কোরেও শেষ পর্যন্ত থমাসকে হারাতে পারেননি রানা। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হন বাংলাদেশের দুই বক্সার ফয়সাল ও হোসাইন। স্বদেশী বক্সারদের লড়াই উন্মাদনা বাড়িয়েছে দর্শকদের। হাড্ডহাড্ডি লড়াইয়ে ফয়সালকে হারান হোসাইন। সুপার লাইটওয়েট ক্যাটাগরিতে চীনের বক্সার লিউয়ের বিপক্ষে পেরে উঠেননি বাংলাদেশের সুরো কৃষ্ণ চাকমা। 

দেশের সবচেয়ে সফল ও জনপ্রিয় বক্সার সুরো।আ্যমেচার থেকে পেশাদার বক্সিংয়ে নাম লেখানোর পর থেকে ২৯ বয়সী এ বক্সার নিজেকে সফলতার শিখরে নিয়ে গেছেন। আজ রিংয়ে নামার আগে জয়ের শতভাগ রেকর্ড ছিল সুরোর। তবে এদিন সেই রের্কড আর এগিয়ে নিতে পারলেন না এই প্রতিভাবান বক্সার।