বাংলাদেশকে প্রথম সোনা এনে দেওয়া কিংবদন্তি আর নেই

১৯৯০ কমনওয়েলথ গেমসে শুটিংয়ে আব্দুস সাত্তার নিনির সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে সোনার পদক এনে দিয়েছিলেন – বাংলাদেশের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সোনার পদকই সেটি। সব প্রত্যাশাকে ছাপিয়ে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে পাওয়া সেই সোনা বাংলাদেশেরই শুটিংয়ে আশার বাণী ছড়িয়ে দিয়েছিল যে, বাংলাদেশের অ্যাথলেটরাও পারেন!

নতুন দিগন্তের খোঁজ এনে দেওয়া সেই কিংবদন্তি শুটার আতিকুর রহমান ৫৯ বছর বয়সেই আজ অন্যলোকে চলে গেছেন। শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল দশটার দিকে মারা গেছেন তিনি।

২০১৪ সাল থেকে কণ্ঠনালীর ক্যানসারের সঙ্গে লড়ছিলেন আতিকুর। গত রাতে ঢাকায় আসার পর অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

১৯৯০ কমনওয়েলথ গেমসে নিউজিল্যান্ডের অকল্যান্ডে আব্দুস সাত্তারের সঙ্গে জুটি বেঁধে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছিলেন আতিকুর। একই আসরে ফ্রি পিস্তল ইভেন্টেও জুটি বেঁধে ব্রোঞ্জ জিতেছিলেন তাঁরা। কমনওয়েলথ গেমসে সাফল্যের বাইরে সাফ গেমসে বাংলাদেশকে পাঁচটি সোনার পদক এনে দিয়েছিলেন আতিকুর।