যুক্তরাষ্ট্র ও চীনকে টপকে মাত্রই অস্ট্রেলিয়াকে মেয়েদের ৪*১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে সোনা এনে দিয়েছেন তাঁরা। তখনো সুইমিংপুলেই ছিলেন, পুল ছেড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময়ে অস্ট্রেলিয়ার সোনাজয়ী মেয়েদের নিয়ে লৈঙ্গিক বৈষম্যমূলক এক মন্তব্য করে বসেন প্রবীণ এক ক্রীড়া ধারাভাষ্যকার। ফলাফল? চাকরি গেল তাঁর।
ওই ধারাভাষ্যকারের নাম বব ব্যালার্ড। অলিম্পিকে এবার ধারাভাষ্য দিচ্ছেন ইউরোস্পোর্ট চ্যানেলে। গত পরশু মেয়েদের ৪*১০০ মিটার রিলেতে পদকের নিষ্পত্তি হয়ে যাওয়ার পর যখন অস্ট্রেলিয়ার মেয়েরা পুল থেকে ওঠার প্রস্তুতি হিসেবে সবকিছু গুছিয়ে নিচ্ছিলেন, তখন ব্যালার্ড বলে ওঠেন, অজি মেয়েরা ‘গুছিয়ে নিচ্ছেন।’ গুছিয়ে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়েই লৈঙ্গিক বৈষম্যমূলক মন্তব্যটা করে বসেছেন, ‘ওই মেয়েরা যা করে আর কী… গল্প করছে, মেকআপ ঠিক করছে!’
ধারাভাষ্যের ওই অংশটুকুর ক্লিপ দ্রুত ভাইরাল হয়ে গেল। সমালোচনা এল চারিদিক থেকে। ইউরোস্পোর্ট পরে জানিয়েছে, ব্যালার্ডকে ধারাভাষ্যের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।
ব্যালার্ড এখনো তাঁর মন্তব্যের ব্যাখ্যায় কিছু বলেননি বলে জানাচ্ছে বিবিসি।
অলিম্পিকে ১০০ মিটার ফ্রি স্টাইলের রিলেতে অস্ট্রেলিয়ার মেয়েদের সোনা জেতা নিয়মিত ঘটনাই বটে। এবার অস্ট্রেলিয়ার মলি ও’ক্যালাঘান, এমা ম্যাককেওন, মেগ হ্যারিস ও শায়না জ্যাক মিলে সোনা জিতেছেন, যা অলিম্পিকে এই ইভেন্টে অস্ট্রেলিয়ার টানা চতুর্থ সোনার পদক!
ইভেন্ট শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার সাঁতারুরা দর্শকের দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছিলেন, নিজেরা উদ্যাপন করছিলেন। এমন সময়েই বিতর্কিত মন্তব্যটা করে বসেন ব্যালার্ড। তাঁর সহ-ধারাভাষ্যকার ও ব্রিটিশ সুইমিং চ্যাম্পিয়ন লিজি সিমন্ডস সঙ্গে সঙ্গেই ব্যালার্ডের মন্তব্যকে ‘আপত্তিকর’ বলে জানান, যা শুনে ব্যালার্ডকে হাসতে দেখা যায়।
এর আগে বিবিসিতে দীর্ঘদিন কাজ করা ব্যালার্ডকে নিয়ে রোববার ইউরোস্পোর্ট জানিয়েছে, তাঁকে আর তাদের চ্যানেলের সম্প্রচারব্যবস্থায় ফেরানো হবে না। ‘গত রাতে ইউরোস্পোর্টের কাভারেজের একটা পর্যায়ে ধারাভাষ্যকার বব ব্যালার্ড অসংলগ্ন একটা মন্তব্য করেছে। এর প্রেক্ষিতে তাঁকে আমাদের ধারাভাষ্যকারের তালিকা থেকে সঙ্গে সঙ্গেই সরিয়ে দেওয়া হয়েছে’ – বিবৃতিতে জানিয়েছে ইউরোস্পোর্ট।
আশির দশক থেকেই বৈশ্বিক অ্যাথলেটিকসে ধারাভাষ্যে বড় নাম হয়ে উঠেছিলেন ব্যালার্ড। অনেক অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্যের অভিজ্ঞতা তাঁর। ওয়াটার পোলো, আইস হকি, হুইলচেয়ার টেনিসসহ অনেক খেলায়ই ধারাভাষ্য দিয়েছেন, সাঁতার ও ডাইভিংয়ে তাঁর ধারাভাষ্য সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। সেই সাঁতারেই এত অভিজ্ঞ ধারাভাষ্যকারের এমন বিতর্কিত মন্তব্য সবাইকে হতবাক করেছে।