বয়স সবে ২৫। সর্বশেষ প্যারিস অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন ম্যাট রিচার্ডসন। ছেলেদের সাইক্লিংয়ে দুটি রুপা ও একটি ব্রোঞ্জসহ মোট তিনটি পদক জিতেছেন। কিন্তু এরপর আর অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখা যাবে না ২৫ বছর বয়সী এ সাইক্লিস্টকে। এখন থেকে তাঁর গায়ে থাকবে গ্রেট ব্রিটেনের জার্সি। জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে দেশই পাল্টে ফেলেছেন তিনি।
২৫ বছর বয়সী রিচার্ডসনের জন্ম মূলত যুক্তরাজ্যের কেন্টের মেইডস্টোনে। ৯ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। এরপর সেখানেই বেড়ে ওঠা। একটা পর্যায়ে অস্ট্রেলিয়া দলের হয়েই সাইক্লিং শুরু করেন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া – দুই দেশেরই নাগরিকত্ব আছে তাঁর।
প্যারিস অলিম্পিকের আগে ২০২২ কমনওয়েলথ গেমসে দুটি সোনা ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে জেতেন পাঁচটি পদক। এবার পাকাপাকিভাবে যুক্তরাজ্য ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতাতেও অংশ নেবেন গ্রেট ব্রিটেন দলের হয়েই।
সম্প্রতি দেশ বদলানোর জন্য ইউনিয়ন সাইক্লিস্ট ইন্টারন্যাশনালে (ইউসিআই) আবেদন করেছিলেন রিচার্ডসন। সেটির স্বীকৃতি মেলার পরই প্রকাশ্যে ঘোষণা দেন ২৫ বছর বয়সী এ সাইক্লিস্ট, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি গোটা জীবন গুছিয়ে আনার এবং আমার সাইক্লিং ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি যে, আমি গ্রেট ব্রিটেন সাইক্লিং দলে যোগ দিচ্ছি।’
রিচার্ডসন যোগ করেন, ‘জাতীয়তা বদলানোটা মোটেও সহজ ছিল না এবং আমি এটাকে হালকাভাবেও নিইনি। ভবিষ্যৎ ও ক্যারিয়ারের কথা চিন্তা করে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। অস্ট্রেলিয়ার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং দেশটির সাইক্লিং দল সব সময় আমার জীবনের একটা অংশ হিসেবে থাকবে। গত কয়েক বছরে অস্ট্রেলিয়ায় যাদের সঙ্গে কাজ করেছি, নতুন জীবনের শুরুতে সেই কোচ ও সাপোর্ট স্টাফদের আন্তরিক ধন্যবাদ দিতে চাই।’