পাঁচদিন ধরে নিখোঁজ ঝড়ের মধ্যে গাড়ি নিয়ে নদীতে নামা তারকা

ইংল্যান্ডের সাবেক রাগবি তারকা টম ভয়েস পাঁচ দিন ধরে নিখোঁজ। ধারণা করা হচ্ছে ড্যারাগ ঝড়ের সময় বন্যায় ফুলে-ফেঁপে ওঠা নদী পার হতে গিয়ে ভয়েস মারা গেছেন বলেই সন্দেহ করা হচ্ছে। এরই মধ্যে রাগবির বিভিন্ন সংগঠন ভয়েসের পরিবার ও কাছের মানুষদের সমবেদনা জানাতে শুরু করেছে।

নর্দামব্রিয়া পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে ঝড়ের সময় নর্দামবারল্যান্ডের অ্যানেকের কাছে অ্যান নদী পার হওয়ার চেষ্টা করেছিলেন ৪৩ বছর বয়সী সাবেক রাগবি তারকা। গত শনিবারের পর থেকেই তাঁর খোঁজ মিলছে না। ইংল্যান্ডের হয়ে ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ফুলব্যাক।

সাবেক সতীর্থ ম্যাট ডসন ইনস্টাগ্রামে ভয়েসের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘সেরা মানুষদের একজন… আমার দুঃখ এখন প্রকাশ করা সম্ভব না… ডসন পরিবারের সবাই অ্যানা ও পুরো পরিবারের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাচ্ছি।’

ইংল্যান্ড রাগবি টুইট করে জানিয়েছে, ‘এই কঠিন সময়ে আমাদের সব চিন্তা ও প্রার্থনা টম ভয়েসের পরিবার ও বন্ধুদের জন্য।’ প্রিমিয়ারশিপ রাগবিও মেনে হয়েছে বাস্তবতা, ‘প্রিমিয়ারশিপ রাগবির সবাই টম ভয়েসের খবরে ভেঙে পড়েছে। টম ভয়েসের পরিবার ও বন্ধুদের জন্য আমাদের প্রার্থনা।’

অ্যাবেরেক ফোর্ড- এ স্থানেই ভেসে গেছে গাড়ি। ছবি: টুইটার

নর্দামব্রিয়া পুলিশের এক মুখপাত্র দিয়েছেন বড় দুঃসংবাদ, ‘ধারণা করা হচ্ছে টম গাড়িতে করে অ্যাবেরেক ফোর্ড পার হওয়ার চেষ্টা করেছিলেন, এ সময় নদীর স্রোত তাঁকে টেনে নিয়ে গেছে। অফিসাররা তাঁর গাড়ি পেয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টমকে এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ফোর্ড পার হতে গিয়ে তাঁকে স্রোত টেনে নিয়ে গেছে এবং এভাবেই মৃত্যু হয়েছে।’

গত রোববার সকালে পুলিশকে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয় আগের দিন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পর আর বাসায় ফেরেননি ভয়েস।

নর্দামব্রিয়া পুলিশ সুপারিন্টেনডেন্ট হেলেনা ব্যারন জানিয়েছেন, ‘আমাদের সার্চ চলছে কিন্তু আমরা খুবই কঠিন চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হয়েছি। নদীর স্রোত এবং গত সপ্তাহের ভারী বৃষ্টিতে পানির পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল। আপাতত আমরা নির্দিষ্ট করে কোনো সময়ের কথা বলতে পারছি না।’