স্ত্রীর গায়ে হাত তুলে জেলে গিয়েছিলেন, এবার নাক ফাটালেন সাবেক প্রেমিকার

টোকিও অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার দৌড়ে রুপা জিতে আলোচনায় এসেছিলেন ফ্রেড কের্লি। চার বছর পর সর্বশেষ প্যারিস অলিম্পিকেও ব্রোঞ্জ জেতেন আমেরিকান অ্যাথলেট। অলিম্পিকে দুই পদকজয়ী কের্লির গতকাল শনিবার অংশ নেওয়ার কথা ছিল মায়ামির গ্র্যান্ড স্লাম ট্র্যাকে। কিন্তু প্রতিযোগিতার ঠিক আগ মুহূর্তে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কের্লি।

গত শুক্রবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, সাবেক প্রেমিকা আলিয়া জনসনের মুখে ঘুসি মারার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কের্লিকে। তাঁর হাত থেকে জনসনকে বাঁচানোর চেষ্টা করে আরেকজনের মার খাওয়ারও অভিযোগ এসেছে।

গত বৃহস্পতিবার এক হোটেলে এ ঘটনাটি ঘটেছে। শুধু কের্লি নন, তাঁর প্রাক্তন প্রেমিকা জনসনেরও মায়ামি ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবার হোটেলে কন্ডিশনিং কোচের সঙ্গে দেখা করতে গিয়ে কের্লির সঙ্গে দেখা হয় বলে পুলিশকে জানিয়েছেন জনসন।

পুলিশ জানিয়েছে, জনসনের দাবি, দুজনের কথোপকথনের এক পর্যায়ে মেজাজ হারিয়ে ফেলেন কের্লি এবং তাঁর দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে যান। এক পর্যায়ে তাঁর মুখে এতটাই জোরে ঘুসি মারেন যে, নাক দিয়ে রক্ত বের হতে থাকে জনসনের।

প্রতিবেদনে এটাও বলা হয়েছে, জনসনের অভিযোগের সঙ্গে তাঁর মুখের আঘাত পাওয়ার ঘটনার মিল পাওয়া গেছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, কের্লি ও জনসনের ছয় মাসের সম্পর্ক ছিল। গত অক্টোবরে দুজনের সম্পর্কে ফাটল ধরে।

দুই বারের অলিম্পিক পদকজয়ী কের্লি গতকাল ১০০ মিটার ও আজ রোববার ২০০ মিটার ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে গ্র্যান্ড স্লাম কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ‘গত রাতে ফ্রেড কের্লি গ্রেপ্তার হয়েছেন। ঘটনাটি এখন তদন্তের মুখে আছে। ফ্রেড এ সপ্তাহান্তে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না। এ মুহূর্তে এ বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করতে পারছি না।’

কের্লি এই প্রথম গ্রেপ্তার হলেন, এমন নয়। এর আগে গত ২ জানুয়ারি মায়ামি সৈকতে পুলিশ অফিসারকে ঘুসি মেরেও গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সে সময় তাঁর সাবেক স্ত্রীও নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিকা জানান, গত বছরের মে মাসে তাঁকে মারধর করেন কের্লি। সে ঘটনায় তাঁদের বিচ্ছেদও হয়ে যায়। পুলিশের ওপর হাত তোলার ঘটনায় সে সময় আগে জামিন পেলেও সাবেক স্ত্রীর অভিযোগে বাড়তি সময় জেলে থাকতে হয়েছিল কের্লিকে।