৩৮ বছরে মারা গেলেন এনএফএল তারকা

ফেব্রুয়ারিতে ক্যান্সার ধরা পড়ল, পাঁচ মাসেই সব শেষ

মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন আমেরিকান প্রফেশনাল ফুটবল তারকা ও সুপার বৌল জয়ী ব্রায়ান ব্র্যামান। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্যান্সারের বিরল আক্রমণাত্মক রূপ ধরা পড়ে ব্র্যামানের। সেই থেকে চিকিৎসাধীন ছিলেন ৩৮ বছর বয়সী এ লাইনবেকার (এলবি)।

তবে শেষ রক্ষা হয়নি। গতকাল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্র্যামান। তাঁর এজেন্ট শন স্টেলাটোর বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি জানিয়েছে বিবিসি, ইএসপিএনসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

'গো ফান্ড মি' নামের একটি পেজের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, সিয়াটলে চিকিৎসা চলাকালে একাধিকবার অস্ত্রোপচার করা হয়েছে ব্র্যামানের। সে সময় তার তার চিকিৎসা ও অন্যান্য খরচের সহায়তার জন্য পেজটি খেলা হয়েছিল।

ব্র্যামানের মৃত্যুর খবরটি নিশ্চিত করে স্টেলাটো বলেছেন, ‘মানুষ শুধু ব্রায়ানের বিশাল দেহটাই দেখত। কিন্তু তাঁর হৃদয়টাও ছিল দেহের মতই বড়। তিনি ছিলেন সত্যিকারের অনুপ্রেরণার। সবার সঙ্গে খোলামেলা, আন্তরিক ছিলেন। এটাই তাঁকে অন্যদের চেয়ে আলাদা করেছিল।’

এজেন্ট স্টেলাটো যোগ করেন, ‘এটা (ব্র্যামানের মৃত্যু) আমার জন্য খুব কঠিন। আমি যেন আমার প্রথম সন্তানকে হারালাম। আমি যখনই ফিলাডেলফিয়া যেতাম, এই ছেলেটা আমার জন্য ওর বিছানা ছেড়ে দিত। আমি যদি ওর বাসায় উঠতে না চাইতাম, ও আমাকে হুমকি দিত। এটা আজীবন আমার স্মৃতিতে থাকবে। আমার হৃদয় আজ ক্ষতবিক্ষত।’

ব্র্যামানের জন্য খোলা 'গো ফান্ড মি' পেজ থেকে ৮৮ হাজার মার্কিন ডলারের বেশি অনুদান উঠেছিল। এছাড়া ব্র্যামানের সাবেক দল হিউস্টন টেক্সানসের সতীর্থ জেজে ওয়াট ১০ হাজার ডলার সহায়তা দিয়েছিলেন। অন্যান্য সতীর্থরাও তাঁর চিকিৎসায় এগিয়ে যান।  

ব্র্যামানের মৃত্যুর খবরে বিমর্ষ জে জে ওয়াট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, ‘শান্তিতে থেকো ভাই। অনেক আগেই চলে গেলে।’

ন্যাশনাল ফুটবল লিগে (এনএফএল) ব্র্যামানের ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১১ সালে। ফ্রি এজেন্ট হিসেবে সেসময় তিনি হিউস্টন টেক্সানসে যোগ দিয়েছিলেন। ক্লাবটিতে ৩ মৌসুম কাটিয়ে ব্র্যামান যোগ দেন ফিলাডেলফিয়া ঈগলসে।

ঈগলসে চার মৌসুম কাটান ব্র্যামান। ২০১৮ সালে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসকে হারিয়ে ৫২তম সুপার বৌল জেতে ঈগলস - যা ছিল ঈগলসের প্রথম সুপার বৌল শিরোপা। ব্র্যামান সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। মিনিয়াপলিসের সেই ম্যাচটাই ছিল ঈগলসের জার্সিতে ব্র্যামানের শেষ ম্যাচ। এনএফএল ক্যারিয়ারেও ওই দিন শেষবারের মতো দেখা গেছে এ লাইনব্যাকারকে।

সাত মৌসুমের এনএফএল ক্যারিয়ারে সব মিলিয়ে ৯৭টি ম্যাচ খেলেছেন ব্র্যামান। এ সময় ৫৬টি ট্যাকল করেছেন তিনি।

অবসর নেওয়ার পর এক সাক্ষাৎকারে ব্র্যামান জানিয়েছিল- তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন তিনটি। এর মধ্যে একটি সুপার বৌল জয়। অন্য দুটি হচ্ছে তাঁর ১১ বছর বয়সী কন্যা ব্লেকলি ও ৮ বছর বয়সী কন্যা মার্লো।