চাইনিজ তাইপেকে ৮ গোল দিয়ে সাউথ কোরিয়ার অপেক্ষা বাংলাদেশের

ভারতে এশিয়া কাপ হকিতে গতকাল প্রথম ম্যাচে হারলেও আজ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-৪ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮-৩ গোলে চাইনিজ তাইপেকে হারিয়ে জয়ে ফিরেছে। 

ভারতের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে শনিবার পুল ‘বি’-এর ম্যাচে গ্রুপের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা চাইনিজ তাইপেকে (৪১তম) দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ (৩০)। 

বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিবুল হাসান ও আশরাফুল ইসলাম। অন্য গোল দুটি করেন সোহানুর রহমান ও রেজাউল করিম।  

অথচ দ্বিতীয় কোয়ার্টার এক পর্যায়ে ২-১ গোলে এগিয়ে ছিল চাইনিজ তাইপে। ম্যাচের ৪ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। দশম ও ১৮তম মিনিটে চাইনিজ তাইপে টানা দুই গোল করে লিড নেয়। তবে ২৬তম মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান প্রথম গোল করা আব্দুল্লাহ।

গোলের পর আব্দুল্লাহদের উল্লাস। ছবি: হকি ইন্ডিয়া ফেসবুক

তৃতীয় কোয়ার্টার থেকে বাংলাদেশ অপ্রতিরোধ্য হয়ে উঠে। ৩৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। 

এরপর ৪২ থেকে ৪৫ এই তিন মিনিটে আক্রমণের ঝড় তোলে বাংলাদেশ। পরপর দুই গোল করেন ফরোয়ার্ড রাকিবুল। আর পেনাল্টি কর্নার থেকে ষষ্ঠ গোলটি করেন আশরাফুল।

‎চতুর্থ কোয়ার্টারে আসে শেষ দুটি গোল। ‎৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল করিম পেনাল্টি কর্নার থেকে গোল করার পর ৫৮ মিনিটে ব্যবধান ৮-২ করেন আশরাফুল। তবে ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে এক গোল শোধ করে হারের ব্যবধানটা কমায় চাইনিজ তাইপে।

এশিয়া কাপের চ্যাম্পিয়ন সরাসরি আগামী বছর নেদারল্যান্ডস-বেলজিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে। আর আট দলের মধ্যে সেরা পাঁচে থাকা দলগুলো পাবে বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ। এ মুহূর্তে দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ।

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন সাউথ কোরিয়া।